মেসি-রোনালদো যদি...

কল্পনা করা যাক, হলুদ-নীল জার্সি পরে মাঠে নেমেছেন লিওনেল মেসি। গোল করে উদ্যাপন করছেন নেইমার-অস্কারদের সঙ্গে।
না, অন্য কেনো গ্রহে হলেও হয়তো হতে পারে। তবে এই গ্রহে অন্তত দৃশ্যটা দেখার কোনো সম্ভাবনা নেই। তার পরও কল্পনাবিলাসী মন বলে কথা! ব্রাজিলভক্তদের অনেকেই হয়তো কখনো না কখনো আফসোস করেছেন, ইশ্! মেসি যদি ব্রাজিলের হয়ে খেলত!
খোদ ব্রাজিল কিংবদন্তি রোনালদোই যখন এই কথা বলেন তখন কিছুটা তো নড়েচড়ে বসতেই হয়, ‘মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি তাদের দেশ কখনো প্রত্যাখ্যান করে, তাহলে তারা ব্রাজিলের হয়ে খেলতে পারে। আমি সেটাতে খুবই খুশি হব।’
আর্জেন্টিনার মেসিকে বা পর্তুগালের রোনালদোকে ছেড়ে দেওয়া হবে আকাশকুসুম কল্পনাই। সোনার ডিম পাড়া হাঁসকে কে জবাই করতে চায়! ‘মেসি আর্জেন্টিনার হয়ে না খেললে ওকে আমি আমাদের সঙ্গেই চাইতাম। এমনকি ডিয়েগোর (ম্যারাডোনার) চেয়ে আমি মেসিকেই আগে বেছে নেব, যদিও ডিয়েগো আমার বন্ধু’—রিওর সংবাদ সম্মেলনে বললেন রোনালদো।
কিন্তু হঠাৎ মেসির ব্রাজিলে খেলার কথা উঠল কেন? উঠেছে ডিয়েগো কস্তার জন্য। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। না, একটু ভুল হয়ে গেল, ‘ব্রাজিলিয়ান’ বলা তো উচিত হবে না। ব্রাজিলে জন্মালেও কস্তা যে স্পেনের হয়ে খেলবেন বলেই ঘোষণা দিয়েছেন। লা রোজাদের জার্সি গায়ে তাঁকে দেখা যাওয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার।
কস্তাকে তাই ব্রাজিলের পাওয়ার আশা এখন দুরাশাই। এটা যে ‘ফুটবলের দেশের’ জন্য বড় কোনো ক্ষতি নয়, একজনই তা প্রমাণ করতে পারেন—নেইমার। বার্সায় যেমন খেলছেন, তাতে নেইমারের সামর্থ্য নিয়ে সব সন্দেহই দূর। এ কারণে রোনালদো খুবই আশাবাদী স্বদেশি তরুণ তারকাকে নিয়ে, ‘নেইমারের শুরুটা দেখে (বার্সায়) আমি খুশি। সে অনেক বদলেছে। আরও পরিশীলিত হবে। উন্নতির ধারায় থাকলে সেই হবে বিশ্বসেরা।’
ব্রাজিল বিশ্বকাপে তাই নেইমারের ওপরই চোখ থাকবে সবার। এই মুহূর্তে প্রীতি ম্যাচ খেলার জন্য আছেন দক্ষিণ কোরিয়ায়। তবে গত পরশু অনুশীলনে চোট পাওয়ায় আজ মাঠে নামবেন কি না সেটা নিয়ে এখনো আছে সংশয়।
কিন্তু কস্তার ব্যাপারটা বারবারই আসছে আলোচনায়। চায়ের কাপে তর্ক-বিতর্কের ঝড়ও উঠেছে। রোনালদো অবশ্য এটাতে খুব একটা আপত্তি দেখেন না, ‘যারা নিজেদের দেশের হয়ে খেলতে পারছে না, দ্বৈত নাগরিকত্ব আছে, তারা অন্য দেশের হয়ে খেলতেই পারে।’
লুইস ফেলিপে স্কলারি অবশ্য ফিফার এই নীতির সমালোচনা করেছিলেন। সেই দলে আছেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার, ‘ইংল্যান্ডে শুধু ইংলিশদেরই খেলা উচিত’ বলে কদিন আগেই যিনি মহা শোরগোল ফেলে দিয়েছেন। এএফপি।