মেসি-রোনালদো সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো ঠিক ‘ক্লাসিক’ হয়নি!তা-ই বলে নিশিযাপনও নিশ্চয়ই বৃথা যায়নি আপনার। ১-১ স্কোরলাইনটা বলে দিচ্ছে সেয়ানে-সেয়ানে লড়াই। বার্সেলোনার গোলটি (৫৩ মিনিট) করেছেন লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদেরটা ক্রিস্টিয়ানো রোনালদো (৮২ মিনিট)। সমতা এখানেও—দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে। এই প্রথম বার্সেলোনার জালে বল ঠেললেন রোনালদো, এই প্রথম মরিনহোর দলের বিপক্ষে গোল পেলেন মেসি। তাতেও যদি ম্যাচটি না দেখে থাকা দর্শকেরা উত্তাপটা টের না পান, জেনে রাখুন, ম্যাচ দেখেছে সাতটি হলুদ আর একটি লাল কার্ড। ফাউলের সংখ্যা ৩৬!ড্র, তাতে লাভ বার্সেলোনারই হলো। শিরোপার দিকে লম্বা একটা পা ফেলল। পয়েন্টের ব্যবধান আটই থাকল। স্প্যানিশ লিগে বাকি আর মাত্র ছয় ম্যাচ। টানা তৃতীয় লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত। যদিও তৃপ্তি নিয়ে কাল মাঠ ছাড়ল রিয়ালও। সামনে আরও গুরুত্বপূর্ণ তিনটি এল ক্লাসিকো। পরশু বুধবার স্প্যানিশ কাপের ফাইনাল; এরপর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেরও দুটো ম্যাচ। আধঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলেও ড্র করতে পারায় মানসিকভাবে অনেক এগিয়ে থাকল রিয়াল।এল ক্লাসিকো অভিষেকে ৫-০ গোলে হেরেছিলেন হোসে মরিনহো। পরশু বোঝা গেল, বার্সারই সাবেক সহকারী কোচ ভালোই গুছিয়ে নিয়েছেন। সামনে তাই পেপ গার্দিওলার জন্য কঠিন পরীক্ষা। গার্দিওলার টানা ছয়টি এল ক্লাসিকো জেতা হলো না। জিতলে রেকর্ডও করে ফেলতে পারতেন। সর্বশেষ টানা ছয়টি এল ক্লাসিকো জিতেছিল রিয়াল মাদ্রিদ, সেটাও ষাটের দশকের ঘটনা।ম্যাচ শুরুই হয়েছিল একটা চমক দিয়ে। তিন মাস ধরে মাঠের বাইরে থাকা কার্লোস পুয়োলকে দলে নিয়েছিলেন গার্দিওলা। অথচ কাপ ফাইনালের আগে বার্সা অধিনায়ক পুরো ফিট হবেন না বলেই জানা গিয়েছিল। পুয়োল নিজেও পরে মাঠ ছেড়েছেন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে। রিয়াল একাদশেও চমক ছিল—মেসুত ওজিলকে বসিয়ে মিডফিল্ডার হিসেবে এদিন পেপেকে খেলিয়েছেন মরিনহো, যে পেপে আসলে সেন্টারব্যাক।মরিনহোর এই টোটকা ভালোই কাজে দিয়েছে। বার্সার প্রবল প্রতাপশালী মিডফিল্ডারকে আংশিক অকার্যকর রেখেছিলেন পেপে। সেই ফাঁক গলেও মেসি অবশ্য দুটো গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। দুবারই তাঁকে হতাশ করেছেন ইকার ক্যাসিয়াস। বলের দখলে বার্সা নিরঙ্কুশ আধিপত্য (৭৫-২৫) রাখলেও পাল্টা আক্রমণ থেকে গোলের সুযোগ কিন্তু রিয়ালই বেশি তৈরি করেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ফ্রি-কিক বাঁয়ের পোস্টেও লেগেছিল। গোলমুখ থেকে হেড করে একটা গোল বাঁচিয়েছেন আদ্রিয়ানো।বার্সা অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। প্রথমার্ধেই ডেভিড ভিয়াকে পেনাল্টি বঞ্চিত করেছেন রেফারি। ৮১ মিনিটে বার্সার বিপক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্তটিও প্রশ্নবিদ্ধ। বার্সা নিজেদের দুষতেও পারে। ম্যাচের শেষ মিনিটে রিয়ালের বেপরোয়া পাল্টা আক্রমণের সামনে তাদের রক্ষণভাগ কার্যত খেই হারিয়ে ফেলেছিল। অভিজ্ঞ পুয়োলের অনুপস্থিতি বেশ ভালোই টের পাওয়া গেছে ওই সময়টায়।ফাউল আর কার্ডের সংখ্যাই বলছে, ম্যাচের উত্তেজনা ছিল কতটা। যদিও প্রথম এল ক্লাসিকোর মতো ‘হাতাহাতি’ হয়নি। হয়নি ঠিক সেই মাপের ফুটবলও। তবে হতাশ হবেন না। সামনের তিনটি ম্যাচ তো আছেই!