মেসি-রোনালদোকে ছাড়িয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদোকে ছাড়িয়ে
মেসি-রোনালদোকে ছাড়িয়ে

কেউ বলত ‘ব্যাডবয়’, কেউ ‘নরখাদক’।
সেই লুইস সুয়ারেজই এখন লিভারপুলের প্রাণ। ক্লাব তাঁর সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে, বেতন বেড়েছে ঈর্ষণীয় হারে। এসব আর্থিক প্রাপ্তির চেয়েও বড় কথা, সেই সুয়ারেজের নামেই এখন সমর্থকেরা সকাল-বিকেল গলা ফাটাচ্ছে, প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন কোচ-কর্মকর্তা এমনকি লিভারপুলের সাবেকেরাও। কিংবদন্তি লিভারপুল স্ট্রাইকার রবি ফাওলার তো উরুগুইয়ান এই স্ট্রাইকারকে রাখছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে!
কীভাবে সম্ভব হলো এই রূপান্তর? উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবেন সুয়ারেজ নিজে। দর্শক শুধু দেখছেন প্রতিপক্ষের হাত কামড়ে ১০ ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর অন্য সুয়ারেজকে, যিনি গোল করা আর করানোটাকে নিজের জীবনের ব্রত করে নিয়েছেন। ফলাফল, প্রিমিয়ার লিগে এই মৌসুমে মাত্র ১২ ম্যাচ খেলেই ১৯ গোল! ম্যাচপ্রতি গোলের পরিসংখ্যানে ইংলিশ লিগ তো বটেই, ইউরোপের নামীদামি যেকোনো স্ট্রাইকারের চেয়েও এগিয়ে তিনি। তারকাদ্যুতিতে হয়তো মেসি-রোনালদোর সমান হতে পারেননি। কিন্তু দারুণ ফর্মে থাকা এই সুয়ারেজকে বিশ্বসেরা দুই ফুটবলারের চেয়ে কোনো অংশে কম মনে করেন না ফাওলার, ‘রোনালদো-মেসিকে আপনারা যে রকম অসাধারণ খেলোয়াড় ভাবেন, এই মুহূর্তে সুয়ারেজও তাই। আমি বলছি না সে মেসি-রোনালদোর চেয়ে ভালো, কিন্তু সে ওই মানেরই ফুটবলার। সে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন।’
প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে ওঠা এই সুয়ারেজকে ঘিরেই তাই সাফল্যখচিত আগামীর স্বপ্ন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের, ‘ও এমন একজন খেলোয়াড় যাকে আমরা লম্বা সময়ের জন্য ধরে রাখতে চাই। তাকে ঘিরেই গড়ে উঠবে আমাদের ভবিষ্যতের দল।’ ওয়েবসাইট।
লুইস সুয়ারেজ
১২ ম্যাচে ১৯ গোল
১.৫৮ গোল প্রতি ম্যাচে
ক্রিস্টিয়ানো রোনালদো
১৫ ম্যাচে ১৭ গোল
১.১৩ গোল প্রতি ম্যাচে
লিওনেল মেসি
১১ ম্যাচে ৮ গোল
০.৭২ গোল প্রতি ম্যাচে