মেসি-রোনালদোর অন্য লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের দর্শকেরা নিজেদের একটু বেশি ভাগ্যবান ভাবতেই পারে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর এমন দৃষ্টিনন্দন দ্বৈরথ উপভোগ করতে পারাটা আসলেই বিরাট ব্যাপার। মেসি, না রোনালদো সেরা—এই প্রশ্নে বিশ্ব প্রায় দ্বিধাবিভক্ত। লা লিগায় এই মৌসুমে মেসি করেছেন ১৩ গোল। রোনালদোও খুব পিছিয়ে নেই, করেছেন ১১ গোল। চ্যাম্পিয়নস লিগে আবার মেসির ২ গোলের বিপরীতে রোনালদোর আছে ৫ গোল। অবস্থাটা যেন, ‘কেউ কারে নাহি জিনে সমানে সমান’। দুজনের মধ্যে নিরন্তর এই তুলনায় গোটা বিশ্ব কতটা আলোড়িত সেটা এই একটা তথ্যে বুঝে নিতে পারেন। ‘মেসি বনাম রোনালদো’ নামের একটা জলজ্যান্ত ওয়েবসাইটই আছে! ফুটবল-ভক্তদের এই অত্যুৎসাহ মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতায় বাড়তি জ্বালানি অবশ্যই জোগায়। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও জাগে যে তাঁরা দুজন ঠিক কী ভাবেন নিজেদের সম্পর্কে? পেশাদার প্রতিদ্বন্দ্বিতার গনগনে আঁচ কি প্রভাব ফেলেছে তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও?এমনিতে দুজন দুই চিরবৈরী ক্লাবের, তাই দুজনের মাঝে বন্ধুতা না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব নেই কারও। রোনালদো তো যুক্তরাষ্ট্রের টেলিভিশন বিইন স্পোর্টকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসিকে শ্রদ্ধা দেখাতে কার্পণ্য করেননি মোটেও, ‘মেসি একজন বড় খেলোয়াড়। বাকিদের সঙ্গে যেমন তেমনই একটা পেশাদার সম্পর্ক আছে আমাদের মধ্যে। আমি তার বন্ধু নই, কারণ আমরা একই ড্রেসিংরুম ভাগাভাগি করি না, একসঙ্গে ডিনার করি না। কিন্তু একজন পেশাদার হিসেবে তাকে আমি শ্রদ্ধা করি।’ কয়েক বছর ধরে চলে আসা এই তুলনা নিয়ে যেন খানিকটা বিরক্তও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা, ‘এটা যে এখনই হচ্ছে তা নয়, পাঁচ বছর ধরে এটা একইভাবে চলে আসছে। আমি এটা পাল্টে দিতে পারি না। আমি সংবাদপত্রে কাজ করি না, টেলিভিশনেও না। তারাই এটা করতে ভালোবাসে। আমি এখন কী করতে পারি? আমাকে আমার কাজই করতে হবে। গোল করতে হবে, অনুশীলন করতে হবে, খেলতে হবে। দলকে সব সময় সাহায্য করে যাওয়ার চেষ্টা করতে হবে। ওটা নিয়ে ভাবলে আমার চলবে না।’এ ব্যাপারে মেসিও পিছিয়ে নেই। স্প্যানিশ দৈনিক এল মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রবলতম প্রতিদ্বন্দ্বীকে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাও শ্রদ্ধা জানিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো একজন অসাধারণ খেলোয়াড়। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই বটে, কিন্তু সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’ রোনালদো ও মেসি যেন একে অন্যকে ছাড়িয়ে যেতে মেতে উঠেছেন বিনয়ের অলিখিত লড়াইয়ে!দুজন দুটি আলাদা দেশের, খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুটি ক্লাবে। রোনালদো ও মেসিকে এই সময়ে একই ক্লাবে খেলতে দেখাটা একরকম আকাশকুসুম কল্পনাই মনে হতে পারে। তবে রোনালদো এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি, ‘মেসির সঙ্গে খেলা? কেন নয়? কোনো সমস্যা নেই। সে যদি এখানে আসে, তাহলে তো আমরা একসঙ্গেই খেলতে পারি। কিন্তু আমার পক্ষে সেখানে যাওয়াটা একটু বেশি কঠিন।’ তাহলে মেসি যাবেন বার্নাব্যুতে? ওয়েবসাইট।