মেসি-রোনালদোর আগে রুনি!
দৃশ্যপট থেকে ওয়েইন রুনি সরে গেছেন সেই কবেই। লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো সেরা—এই প্রশ্নও এখন আর উঠছে না। কাগজে-কলমে যেমন মেসি সময়ের সেরা ফুটবলার, তেমনি সেরা বলে বিবেচিত তিনি বেশির ভাগ ফুটবলপ্রিয় মানুষের কাছে। তবে পুরোনো বিতর্কটা আবার উঠেছে। সেটা তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। দৃশ্যান্তরে চলে যাওয়া রুনিকে নিয়ে এসেছেন শ্রেষ্ঠত্বের দৌড়ে। হার্নান্দেজ দুটি নির্দিষ্ট জায়গায় মেসি ও রোনালদোর চেয়ে এগিয়ে রেখেছেন তাঁর ম্যানইউ-সতীর্থকে।এ মৌসুমের মাঝে ম্যানইউতে নাম লিখিয়েছেন মেক্সিকান এই স্ট্রাইকার। ৪১ ম্যাচ খেলে করেছেন ১৯ গোল। আর ৩৫ ম্যাচ খেলা রুনির গোল ১৪টি। হার্নান্দেজের চেয়েও তো পিছিয়ে পড়েছেন রুনি! আর অন্য পিঠে মেসি-রোনালদো গোল করে যাচ্ছেন পাল্লা দিয়ে। মেসির গোল ৫০ ম্যাচে ৫২টি, রোনালদোর ৪৯ ম্যাচে ৪২।সব জেনেই মেসি-রোনালদোর চেয়ে দুটি জায়গায় রুনিকে এগিয়ে রেখেছেন হার্নান্দেজ, ‘সংশয়াতীতভাবে ওয়েইন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। ওয়েইন শুটিংয়ে মেসির চেয়েও ভালো। আর হেডিংয়ে ভালো ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে।’‘চিচারিতো’ শুধু যে সতীর্থ বলেই রুনির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন, তা নয়। তরুণ মেক্সিকান স্ট্রাইকার অনেক আগে থেকেই রুনিভক্ত, ‘আগে দূর থেকেই ওয়েইনে মুগ্ধ ছিলাম আমি। এখন তার সঙ্গে খেলছি, এটা আমার জন্য মহা আনন্দের ব্যাপার। আমাদের দুজনের সম্পর্কটাও ভালো।’ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন হার্নান্দেজ। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনই বলেছেন, প্রথম মৌসুমেই হার্নান্দেজের এত ভালো পারফরম্যান্স তাঁর কল্পনাতীত ছিল। অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবাইকে বিস্মিতই করেছেন চিচারিতো। কিন্তু তিনি নিজে জানেন এটা কত পরিশ্রমের ফসল, ‘ফুটবল এখন আর শুধু টেকনিকের খেলা নয়। শারীরিক প্রস্তুতির ব্যাপারও আছে। আমি প্রতিদিন কয়েক মাইল দৌড়াই। গতি বাড়ানোর জন্য পেশি গড়ে তোলার ব্যায়াম করি। শারীরিক শক্তি ইংল্যান্ডের ফুটবলে ভালো করার একটি উপাদান।’রুনিকে যেমন দূর থেকে দেখতেন, তেমনি চ্যাম্পিয়নস লিগও টেলিভিশনে দেখেই রোমাঞ্চিত হতেন হার্নান্দেজ। আর এখন সেই চ্যাম্পিয়নস লিগে খেলছেন, তিনি খুব খুশি। এখন ম্যানইউর আর সব খেলোয়াড়ের মতো হার্নান্দেজকেও ঘিরে রয়েছে ওয়েম্বলি ফাইনালের স্বপ্ন। ‘আমি বিশ্বের সেরা প্রতিযোগিতায় খেলছি। ওয়েম্বলির ফাইনালে খেলতে পারা হবে দারুণ। আমরা শালকেকে প্রথম লেগে হারিয়েছি (২-০), বার্সেলোনাও রিয়ালের বিপক্ষে জিতেছে (২-০)। ফাইনালে যাওয়ার জন্য বার্সেলোনা ও আমরাই ফেবারিট। সবাই বার্সেলোনার কাছে ২০০৯ ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছে।’ ওয়েবসাইট।