মেসি-রোনালদোর ওপরে ইনজাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক রেকর্ডই তাঁদের পায়ে লুটিয়েছে। সামনে লুটাবে আরও অনেক। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি সমসাময়িকদের চেয়ে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন অনেক আগেই। কিন্তু তার পরও একজনকে কখনোই ছাপিয়ে যেতে পারবেন না তাঁরা। ফিলিপ্পো ইনজাগির রেকর্ড কখনোই ভাঙতে পারবেন না রোনালদো-মেসি! দাবিটা করেছেন ইনজাগি নিজেই।
কিন্তু কী এমন রেকর্ড করেছেন ইনজাগি? বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে ১৯৭ গোল করেছেন। তবে এখনই তাঁর চেয়ে বেশি গোল হয়ে গেছে মেসি-রোনালদো দুজনেরই। কিন্তু বড় উপলক্ষে যেন নিজের সেরাটা বের হতো এই ইতালিয়ান স্ট্রাইকারের। ক্যারিয়ারের সব ফাইনাল মিলে সবশুদ্ধ করেছেন ৮ গোল। ২০০৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করে ইনজাগিই তো মিলানকে শিরোপা এনে দিয়েছিলেন। নিজেই মনে করিয়ে দিচ্ছেন, ‘কার্লো আনচেলত্তি (তখনকার মিলান কোচ) দ্বিধায় ছিলেন এথেন্সের ফাইনালে আমাকে খেলাবেন, না আলবার্তো জিলার্দিনোকে। আমিই খেলেছিলাম ও দুটি গোল করেছিলাম। এরপর আমি সুপার কাপ ফাইনালে সেভিয়ার সঙ্গে গোল করি। দুই গোল করেছিলাম বোকা জুনিয়র্সের সঙ্গেও।’ শেষের জোড়া গোল ছিল বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে। এর পরই ইনজাগি বলেছেন, ‘তিনটি ফাইনালে পাঁচ গোল। তিনটিই ছিল গুরুত্বপূর্ণ ফাইনাল, সব কটাই আমরা জিতেছিলাম। রোনালদো বা মেসিও এটা অর্জন করতে পারবে না। রেকর্ডটা আমারই থাকবে।’ ওয়েবসাইট।