মেসি-রোনালদোর চেয়েও ভালো ইব্রা!

মেসি নাকি রোনালদো? কে সেরা এই বিতর্ক পাত্তাই পাচ্ছে না থিয়াগো সিলভার কাছে। কারণ কে সেরা, এ নিয়ে সিলভার কাছে কোনো বিতর্ক নেই। আছে সোজাসাপ্টা উত্তর—জাতান ইব্রাহিমোভিচ! পিএসজির অধিনায়ক মনে করে, লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও অনেক ভালো খেলোয়াড় তাঁর ক্লাব সতীর্থ ইব্রা।
ফিফা বর্ষসেরা ফুটবলারের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করেও নিয়েছেন ইব্রাহিমোভিচও। তালিকায় আছে থিয়াগোর নামটাও। তার পরও নিজের ভোটটা ইব্রাকেই দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘ফুটবল দর্শক হিসেবে আমি ইব্রাহিমোভিচের খেলা খুবই পছন্দ করি। আমি নিশ্চিত যে তার নামটা ব্যালন ডি’অরের সেরা তিনের মধ্যে থাকবে। শেষপর্যন্ত পুরস্কার জেতাটা কঠিন হবে, কিন্তু আমি মনে করি এটা তারই পাওয়া উচিত। সে রোনালদো আর মেসির চেয়েও অনেক ভালো খেলছে।’
সুইডিশ এই তারকার সঙ্গে সিলভার সুসম্পর্কটা অনেক দিনেরই। ২০১০ সাল থেকে দুজন একসঙ্গে খেলেছেন এসি মিলানে। ২০১২ সালে ইতালিয়ান ক্লাবটি ছেড়েছেনও একসঙ্গে। এখন দুজনেই খেলছেন ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। তবে শুধু এই সুসম্পর্কের কারণেই সতীর্থকে সেরার আসনে বসাননি সিলভা। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েও শ্রেষ্ঠত্বের বিতর্কে বেশ ভালোভাবেই অংশ নিতে পারবেন ইব্রাহিমোভিচ।
২০১২-১৩ মৌসুমে পিএসজির লিগ শিরোপা জয়ের পেছনে বেশ ভালো অবদান ছিল ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের। লিগে ৩৪ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৩০টি গোল। এবারের মৌসুমেও সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত আছে। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেই করে ফেলেছেন ৮টি গোল। লিগের গত ম্যাচটিতেও করেছেন হ্যাটট্রিক। কাজেই সিলভার মতো অন্য কাউকেও যদি বর্ষসেরা ফুটবলারের ভোটটা ইব্রাহিমোভিচের পক্ষেই দিতে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই।
ইব্রাহিমোভিচ সত্যিই সেরা তিন খেলোয়াড়ের মধ্যে আসতে পারবেন কি না, সেটা জানা যাবে আগামী মাসের শুরুতে। আর ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী খেলোয়াড়ের নামটা জানা যাবে আগামী বছরের ১৩ জানুয়ারি।