মেসি-রোনালদোর দুই রকম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি ২, রোনালদো ০। এই তথ্য গত পরশু নিজ নিজ ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সটাকে ঠিক তুলে ধরতে পারে না। মেসির জোড়া গোলে বার্সেলোনা রিয়াল জারাগোজাকে হারিয়েছে ৩-১ গোলে। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো গোলবিহীন থাকলেও অ্যাথলেটিক বিলবাওকে রিয়াল হারিয়েছে ৫-১ গোলে। রামোস, বেনজেমা, ওজিল, খেদিরার গোলের আগেই রিয়াল এগিয়ে যায় জন অর্তেনেৎজের আত্মঘাতী গোলে।ফলে ১২ ম্যাচ শেষেও দুই দলের পয়েন্টের ব্যবধান থাকল আট-ই। বার্সেলোনার ৩৪, ২৬ রিয়ালের। ন্যু ক্যাম্পে মেসি এবং বার্সেলোনা উদ্যাপন করেছে দুটি নতুন কীর্তিও। আগের ম্যাচেই বার্সেলোনা ছুঁয়েছিল ১৯৬৮-৬৯ ও ১৯৯১-৯২ মৌসুমে রিয়ালের লিগে সবচেয়ে ভালো শুরুর রেকর্ড। পরশু টিটো ভিলানোভার দল ওই রেকর্ড ভেঙেই দিল। ১২ ম্যাচে ১১ জয়, এক ড্র। মেসির কীর্তিটা আক্ষরিক অর্থেই অন্য রকম। পরশুর ২ গোলে ২০১২ সালে ক্লাব-জাতীয় দল মিলিয়ে তাঁর গোল হলো ৭৮টি। এক পঞ্জিকাবর্ষে জার্ড মুলারের সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ড থেকে এখন মাত্রই ৭ গোল পেছনে তিনি। কিন্তু সতীর্থদের দিয়ে গোল করিয়ে মেসি ১০০-র বেশি গোলের সঙ্গে নিজের নাম লেখালেন। এটাও নতুন রেকর্ড।সেপ্টেম্বরের পর এই প্রথম বার্সার প্রথম একাদশে একসঙ্গে মাঠে নামেন কার্লোস পুয়োল ও জেরার্ড পিকে। তাঁদের প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই ‘লখিন্দরের বাসর’ হয়ে ওঠা বার্সার রক্ষণ শক্তিশালী হয়। তবে চোটজর্জর জারাগোজাও বেছে নেয় রক্ষণাত্মক কৌশল। এর মধ্যেই ১৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। কিন্তু ২৪ মিনিটে ন্যু ক্যাম্পে প্রায় আধা শতাব্দী ধরে জয় না পাওয়া জারাগোজাকে সমতায় ফেরান ফ্রান্সিসকো মন্তানেস। চার মিনিট পরই বার্সা আবার এগিয়ে যায় অ্যালেক্স সংয়ের গোলে। বার্সেলোনার হয়ে ক্যামেরুনিয়ান মিডফিল্ডারের এটি প্রথম গোল। ৬১ মিনিটে লিগে নিজের ১৭তম গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি।বার্নাব্যুতে ১২ মিনিটেই বেনজেমার শট অর্তেনেৎজের পায়ে লেগে ঢুকে যায় জালে। ৩০ ও ৩২ মিনিটে রামোস ও বেনজেমা করে ফেলেন ৩-০। বিরতির আগে ইবাই গোমেজ বিলবাওয়ের হয়ে একটা গোল শোধ দিলেও ৫৬ মিনিটে ওজিল ও ৭২ মিনিটে খেদিরার গোলে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়। এএফপি, রয়টার্স।