মেসি-রোনালদোর বন্ধুত্ব!

ম্যাচের শুরুতে দুজন হাত মেলান। তা মেলাতে হয় বলেই। ম্যাচের সেই সেই ‘লোকদেখানো’ সৌহার্দ্য প্রদর্শনের দায় নেই। দুজন দুজনের ছায়াও এড়িয়ে যান সাধারণত।
কিন্তু কালকের ছবিটা হয়ে গেল অন্য রকম। কোপা ডেল রের ফাইনালে হেরে যাওয়ার হতাশায় লিওনেল মেসি যখন রীতিমতো মুষড়ে পড়েছেন, বিধ্বস্ত জনপদের মতো দেখাচ্ছে তাঁকে, চোখে-মুখে বোবা কান্না; সেই সময় মেসির কাঁধে হাত রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই হাত রাখা লোকদেখানো মমতার মনে হলো না। মনে হলো, আন্তরিকভাবেই মেসির দুঃখে সমবেদনা জানাচ্ছেন তাঁরই এ কালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী!
এ দিন রোনালদো মাঠে ছিলেন না। ছিলেন না ডাগ আউটেও। চোটের কারণে আগেই ম্যাচ থেকে ছিটকে পড়া সিআর সেভেন খেলা দেখেছেন গ্যালারিতে বসে। স্যুট-টাই পরে এসেছিলেন। মাথায় ছিল নাইকির ঢাউস বেসবল ক্যাপ।
মাঠে না খেললেও দলের প্রতিটা মুহূর্তের সঙ্গে যেন একাত্ম ছিলেন। কখনো উল্লাসে ফেটে পড়েছেন, কখনো ভয়ার্ত চাহনি। কখনো হতাশা। শেষটা হলো উল্লাসেই। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের একদম পাশের আসন থেকে লাফ দিয়ে ছুটে এলেন। সতীর্থদের আলিঙ্গনে বাঁধলেন, পিঠ চাপড়ে দিলেন। চুল এলোমেলো করে দিলেন ম্যাচের নায়ক গ্যারেথ বেলের। উসাইন বোল্টের ক্ষিপ্রতায় ছুটে গিয়ে গোল করে যে বেল এরই মধ্যে ‘ইনক্রেডি-বেল’ আখ্যা পেয়ে গেছেন।
সতীর্থদের অভিনন্দন জানানোর এক ফাঁকেই রোনালদোর চোখ যায় মেসির দিকে। পরম বন্ধুর মতোই মেসিকে সমবেদনা জানান। অন্তত দেখে মনে হয়নি, এই ছবিটার মধ্যে কোনো খাদ আছে। রোনালদো মেসিকে কী যেন বলেন। মেসিও হেসে ধন্যবাদ জানান।
এল ক্লাসিকো মরিনহো-জমানার কদর্যের খোলস ছেড়েও যেন সত্যিকারের ধ্রুপদি চেহারা ফিরে পেতে শুরু করছে। এই ছবিটা তারই সাক্ষী হয়ে থাকবে। ফুটবল মানে শুধু তীব্র প্রতিদ্বন্দ্বিতা নয়, ফুটবল মানে প্রতিপক্ষকে শ্রদ্ধা করাও। পেলে আর ববি মুরের ১৯৭০ বিশ্বকাপের যে ছবিটা হয়ে আছে সেই সৌহার্দ্যের প্রতীক হয়ে।
কে জানে, মেসি-রোনালদোর এই ছবিটাও সেই সৌহার্দ্যের নতুন আখ্যান হয়ে উঠবে কি না!