মেসি-রোনালদোর ব্যালন ডি'অর নিয়ে দেল বস্কের 'প্রশ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ছয় বছরে স্পেনের কেউ ব্যালন ডি’অর না জেতাটাকে অন্যায় মনে করছেন দেল বস্ক
গত ছয় বছরে স্পেনের কেউ ব্যালন ডি’অর না জেতাটাকে অন্যায় মনে করছেন দেল বস্ক

প্রশ্নটা সরাসরি করেননি। তবে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক যা বলেছেন, তার মানে সেটাই দাঁড়ায়। ২০০৮ সাল থেকেই একের পর এক সাফল্যে ভেসেছে স্পেন দল। ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অবিশ্বাস্য শিরোপাত্রয়ীর কীর্তি গড়েছে। অথচ এই সময় থেকে স্পেন দলের কেউ ব্যালন ডি’অর জেতেননি। এই ছয় বছরে ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন দুবার, চারবার লিওনেল মেসি।
দেল বস্ক মনে করেন, ফুটবল দলীয় খেলা হিসেবে দলীয় সাফল্য বিবেচনায় স্পেনের কারও এ সময় ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। বিশেষ করে দলীয় এবং ক্লাব সাফল্য মিলিয়ে জাভি-ইনিয়েস্তা তো জিততেই পারতেন। নিজ দলে কারও নাম উল্লেখ না করে দেল বস্ক বলেন, ‘যারা এই ট্রফি জেতার লড়াইয়ে থাকে, তাদের যোগ্যতা তো অবশ্যই বিবেচনা করতে হবে। কারণ তারা অবশ্যই ভালো খেলোয়াড়। তবে যখন একটা দল জেতে, আমরা যেমন ইউরো আর বিশ্বকাপ জিতলাম, আমার মতে এই সাফল্যগুলোরও ব্যক্তিগতভাবে স্বীকৃতি দেওয়া উচিত। আমি কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করব না। তবে আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি, স্প্যানিশ খেলোয়াড়দের ব্যালন ডি’অর পাওনা ছিল।’
আকস্মিকভাবে এত দিন পর ব্যালন ডি’অরের প্রশ্নটি তোলার পেছনে দেল বস্কের মনে কী কাজ করেছে, কে জানে। তবে তিনি হয়তো বিশ্বকাপ সামনে রেখে দলের তারকাদের নতুনভাবে উজ্জীবিত করতে চাইছেন। সেটা চাইছেন বলেই আরও একবার দেল বস্ক সতর্কবাণী উচ্চারণ করলেন, স্পেনের সাফল্য এসেছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে বলেই। আগামী বিশ্বকাপেও এই দলীয় ঐক্য দরকার।
দেল বস্কের কণ্ঠে দলীয় ঐক্যের সুর বেজে ওঠার কারণ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার দ্বন্দ্ব। স্পেন দলের একাদশটা মূলত গঠিত হয় এই দুই ক্লাবের খেলোয়াড়দের নিয়েই, যাঁরা কিনা ক্লাবে একে অন্যের বিপক্ষে তীব্র লড়াইয়ে নামেন। কদিন পর যেমন স্প্যানিশ কাপের ফাইনালে আবার মুখোমুখি হবে এই দুদল। দেল বস্ক বলেছেন, জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার মুহূর্ত থেকেই মাথা থেকে এই রেষারেষি সরিয়ে ফেলতে হবে, ‘খেলোয়াড়দের পারস্পরিক সুসম্পর্কের ওপর ভিত্তি করে আমরা আবারও সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাব।’
এবার শিরোপা ধরে রাখতে পারলে স্পেন হবে ইতালি ও ব্রাজিলের পর প্রথম দল যাঁরা পরপর দুবার বিশ্বকাপ জিতবে।