মেসি-রোনালদোর সেরা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

আর মাত্র এক মাস। এবার ফিফা-ব্যালন ডি’অর কে পাচ্ছেন সেটা জানতে সে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো না ফ্রাঙ্ক রিবেরি—কার ভাগ্যে শিকে ছিঁড়ছে সেটা অবশ্য ঠিক হয়ে গেছে। কিন্তু এই বছরটা কেমন গেল তাঁদের? রোনালদো, মেসি শুধু ক্লাবের হয়ে নয়, মাঠ মাতিয়েছেন জাতীয় দলের হয়েও। এক নজরে দেখে নিন ২০১৩ সালে দুজনের স্মরণীয় তিন মুহূর্ত—
১
৩০ মার্চ ২০১৩: সেল্টা ভিগো-বার্সেলোনা
টানা ১৯ ম্যাচে গোল
ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেই নতুন একটা রেকর্ড করে ফেলেন মেসি। লা লিগায় সবগুলো ক্লাবের বিপক্ষেই টানা গোলের রেকর্ড হয়ে গেল। ১১ নভেম্বর শুরু তাঁর গোলবন্যার। এই সময়ে ১৯ ম্যাচে মেসির গোল ৩০টি। এর মধ্যে ওসাসুনার সঙ্গে এক ম্যাচেই করেছেন চার গোল!
২৬ ফেব্রুয়ারি, ২০১৩: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
শত্রুশিবিরে উৎসব
কোপা ডেল রে সেমিফাইনালের আগের লেগটা ড্র হয়েছিল ১-১ গোলে। ন্যু ক্যাম্পে পরের লেগে রোনালদো জোড়া গোল করে দলকে নিয়ে যান ফাইনালে। রিয়াল জেতে ৩-১ গোলে।

রোনালদো
রোনালদো

২
১০ সেপ্টেম্বর ২০১৩: প্যারাগুয়ে-আর্জেন্টিনা
বিশ্বকাপে গেল আর্জেন্টিনা
এই ম্যাচেই বাছাইপর্বে সবার ওপরে থেকে ব্রাজিলে পা রেখেছে আর্জেন্টিনা। ৫-২ গোলের জয়টা ছিল শুধুই মেসিময়। দুই গোল করেছিলেন, বানিয়ে দিয়েছিলেন আরও দুটি। জোড়া গোল করে হার্নান ক্রেসপোকে ছাড়িয়ে হয়ে যান আর্জেন্টিনার সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে মেসির চেয়ে বেশি গোল করেছেন একজনই, উরুগুয়ের লুইস সুয়ারেজ (১১)।
৬ সেপ্টেম্বর, ২০১৩: উ. আয়ারল্যান্ড-পর্তুগাল
দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক
পর্তুগালে এসে ১-১ গোলে ড্র করে গিয়েছিল উত্তর আয়ারল্যান্ড। ৫২ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে আইরিশরা পাচ্ছিল জয়ের সুবাস। এরপর শুরু রোনালদো-শো। দেশের জার্সি গায়ে করেন প্রথম হ্যাটট্রিক। কিংবদন্তি ইউসেবিওকে ছাপিয়ে হয়ে যান পর্তুগালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

৩
২০ নভেম্বর ২০১৩
‘গোল্ডেন শু’ তৃতীয়বার
বছরের শেষটা ভালো যায়নি একদম। তবে নভেম্বরে একটা পুরস্কার ঠিকই পেয়েছেন। তৃতীয়বারের মতো ২০১২-১৩ মৌসুমে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন শু’ জেতেন মেসি। সব মিলিয়ে মৌসুমে ৩২ ম্যাচে গোল ৪৬টি। এই মৌসুমেই বার্সা ক্লাব রেকর্ড ১০০ পয়েন্ট করে লিগে।
১৯ নভেম্বর ২০১৩: সুইডেন-পর্তুগাল
প্লে-অফে জয়
ইব্রা না রোনালদো? ম্যাচের আগে এটাই ছিল সবার মুখে মুখে। ম্যাচের পর জানা হয়ে গিয়েছিল উত্তরটা—রোনালদো। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৩-২ গোলে দলকে জিতিয়ে নিয়ে গেলেন বিশ্বকাপে। এতেই পলেতার সঙ্গে যুগ্মভাবে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক তিনি (৪৭টি)। সূত্র: ফিফা ডট কম।