মেসি রোবট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই মেসি রোবট
সেই মেসি রোবট

ভাবুন তো, রেস্টুরেন্টে বসে আছেন। হঠাত্ পাশে তাকিয়ে দেখলেন আপনার দিকে তাকিয়ে নাক নাচাচ্ছেন লিওনেল মেসি! অথবা মুখ ভেংচে দিলেন আপনাকে। হাত থেকে কফির কাপ ছিটকে যাওয়া নিশ্চয়ই অসম্ভব নয়? সত্যি সত্যিই কিন্তু এমনটা ঘটছে ব্রাজিলে।
ভাবছেন লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকা এসব পাগলামি করে বেড়াবেন কেন! আর্জেন্টাইন ফুটবল জাদুকরের খেয়ে দেয়ে আর কাজ নেই! ঠিকই ধরেছেন। আসলে এসব অদ্ভুত কাণ্ড করছে মেসির চেহারার আদলে বানানো এক রোবট! এই রোবট বানানো হয়েছে ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল ‘বহেমাথ গ্লোবো’র উদ্যোগে।
নকল মেসির নির্মাতাদেরকে একটু বেশি ‘সৃষ্টিশীল’ বলতে হচ্ছে। মেসি রোবটের মাথাটা রীতিমতো দৈত্যাকৃতির, সাইজে আসল মেসির মাথার দ্বিগুণেরও বেশি। আর কাজেকর্মেও এই রোবট মোটেই আসল মেসির মতো নয়। ড্রিবলিং, হেডিং এসবের বদলে ভাঁড়ের মতো হাসি, বিচ্ছিরিভাবে নাক নাচানো আর মুখ কুঁচকে ভয় দেখানোই তার আসল দক্ষতা। ফুটবল মাঠে বলের দখল নেওয়াও নয়; চ্যানেলটির ম্যাচের আগে ও পরে অনুস্থানে দর্শকদের আকর্ষণ ধরে রাখা এই মেসি রোবটের কাজ।
আসল মেসির সঙ্গে মিল এই এক জায়গায়ই, নিজের কাজটিতে কিন্তু ঠিকই সফল নকল মেসি। দর্শকদের বিনোদন জুগিয়ে চলেছে রোবটটি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মূল তারকাকে ব্যঙ্গ করতেই ব্রাজিলিয়ান চ্যানেলের এই ‘পাগলাটে’ রোবট মেসিকে বিনোদনের খোরাক বানিয়েছে কি না, সে প্রশ্ন আপনি করতেই পারেন।