মেসির সঙ্গে ভিক্টর ভালদেস, দানি আলভেজ, জেরার্ড পিকে, সেস ফ্যাব্রিগাস, জাভি, জর্ডি আলবা—এই নামগুলোও মিলিয়ে নিন।
এঁদের বাদ দিয়ে বার্সেলোনা দলের কথা ভাবা যায়? লিগে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সাকে কিন্তু আজ মাঠে নামতে হচ্ছে এমন রুগ্ণ চেহারার দল নিয়েই। আন্তর্জাতিক ‘বিরতি’র পর আজ আবার শুরু হচ্ছে ইউরোপের লিগগুলো। কিন্তু স্প্যানিশ লা লিগায় চোট-জর্জর বার্সা। কোচ জেরার্ডো মার্টিনোর জন্য স্বস্তির খবর একটাই, ম্যাচটা নিজেদের মাঠ ন্যু-ক্যাম্পে, প্রতিপক্ষ গ্রানাডা। মাঠে নামছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদও। রিয়াল খেলবে আলমেরিয়ার মাঠে। নিজেদের মাঠে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ গেটাফে।
ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে শীর্ষ চার দলই—আর্সেনাল, লিভারপুল, সাউদাম্পটন ও চেলসি। এর মধ্যে এক আর তিন নম্বরের দল আর্সেনাল-সাউদাম্পটন মুখোমুখি। গুডিসন পার্ক কাঁপছে মার্সিসাইড ডার্বির রোমাঞ্চে—এভারটনের মুখোমুখি লিভারপুল। চেলসি খেলবে ওয়েস্টহামের মাঠে।
বার্সেলোনা যেন হঠাৎ করেই মিনি হাসপাতালে রূপ নিয়েছে। জর্ডি আলবা তো চোটের কারণে অনেক আগেই মাঠের বাইরে। এরপর চোটের তালিকায় সংযোজন মেসির। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়ে ভিক্টর ভালদেসও এ বছরের জন্য ছিটকে পড়েছেন মাঠের বাইরে। ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া দানি আলভেজকে বিশ্রামে থাকতে হবে অন্তত ১০ দিন। পিকে, ফ্যাব্রিগাস, জাভিদের নিয়েও সংশয় আছে। মৌসুমের শুরু থেকেই ভালদেস ছিলেন দুর্দান্ত ফর্মে। আজ তাঁর জায়গা নেবেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টো। বার্সার অবশ্য পিন্টোর ওপরও অগাধ আস্থা। হাভিয়ের মাচেরানো যেমন বলছেন, ‘ভিক্টরের বিকল্প হিসেবে আমাদের পিন্টো আছে। দলের প্রয়োজনের সময় সে সব সময়ই দারুণভাবে সাড়া দিয়েছে।’
চোট শঙ্কা আছে রিয়াল শিবিরেও। ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা ছিটকে পড়েছেন ছয় মাসের জন্য। চোটের কারণে আগামী কয়েক সপ্তাহে মার্সেলো এবং ফ্যাবিও কোয়েন্ত্রাকেও পাবেন না কোচ কার্লো আনচেলত্তি। তবে এসব শঙ্কা একাই হয়তো উড়িয়ে দিচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো! মঙ্গলবার পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করাই শুধু নয়, রিয়ালের হয়ে সর্বশেষ চার ম্যাচেই করেছেন ৯ গোল। গোল করার এই ধারাটাই ধরে রাখতে চান তিনি, ‘পুরো ড্রেসিংরুমের মতো আমারও মূল লক্ষ্য, দলকে নিয়ে রিয়াল সমর্থকদের রোমাঞ্চ উপহার দেওয়ার কাজটা করে যাওয়া।’
গত মৌসুম পর্যন্তও আর্সেনাল-সাউদাম্পটনের লড়াই আলাদাভাবে দৃষ্টি কাড়ত না। কিন্তু এবার পয়েন্ট তালিকার দিকে তাকিয়ে আলাদা মর্যাদা না দিয়ে উপায় নেই! ঐতিহ্য বিবেচনায় বিশেষ দৃষ্টি থাকবে দুই চিরশত্রু এভারটন-লিভারপুলের মার্সিসাইড ডার্বির দিকে। আর চেলসির ম্যাচে ফুটবলপ্রেমীদের নজর কাড়তে হোসে মরিনহো তো আছেনই! এএফপি।