মেসি-সমুদ্রে অবগাহন
লিওনেল মেসির থাকার কথা হোটেলে। কিন্তু ভরদুপুরেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির আর্জেন্টিনার খুদে জাদুকর। জিরো পয়েন্ট থেকে হেঁটে হেঁটে মেসি ঢুকলেন স্টেডিয়াম চত্বরে। কৃত্রিম পানির ফোয়ারার পাশে বসে বোতল থেকে এক ঢোঁক পানি খেয়ে নিলেন। একটু পর ঢুকলেন আরেকজন মেসি। এরপর আরেকজন। অবাক হওয়ার কিছু নেই। মেসির কোনো ক্লোন নয়, সারা বঙ্গবন্ধু স্টেডিয়াম এভাবেই ভরে গিয়েছিল নকল মেসিতে। গায়ে ১০ নম্বর জার্সি, মাথায় আর্জেন্টিনার পতাকা দিয়ে বানানো টুপি। কারোর সারা গায়ে রং দিয়ে আঁকা ‘মেসি-আলপনা’।এককথায় মেসি-সমুদ্র। জিরো পয়েন্ট থেকে দৈনিক বাংলা, পল্টন থেকে বঙ্গভবন—স্টেডিয়ামের চারপাশে উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল দুপুর থেকেই। মগবাজারের চার বছর বয়সী মেয়ে ফাইজা এসেছিল মা নুমানা আফরোজার হাত ধরে। ৬৬ বছরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহর সঙ্গী ছেলে আবু নোমান। উদ্দেশ্য একটাই—মেসি-দর্শন। আফরোজা রাত জেগে হিগুয়েইন, মাচেরানো, ডি মারিয়াদের খেলা দেখলেও আহসানউল্লাহ সেভাবে খেলা দেখেন না। তবে ১৯৭৮ সালে যখন বক্সার মোহাম্মদ আলী ঢাকায় এসেছিলেন, তখন তাঁকে দেখার জন্য ব্যাকুল ছিলেন আহসানউল্লাহ। কিন্তু ভদ্রলোক চাকরির কারণে টাঙ্গাইলে থাকায় আসতে পারেননি। এবার মেসি যখন ঘরের উঠানে, হাতছাড়া করতে চাননি সুযোগটা।বললেন, ‘ছেলেটা অস্ট্রেলিয়ায় পড়তে চলে যাবে। পড়া-পাগল ছেলেকে জোর করেই নিয়ে এলাম। বললাম, চল বাবা, মেসিকে দেখবি।’ মেসিকে দেখতে, মেসির টানে সুইডেনের স্টকহোম থেকে চুম্বকের মতো ছুটে এসেছেন প্রবাসী মইনুল খান। পেশায় প্রকৌশলী মইনুল জানালেন, ‘শুধু মেসির খেলা দেখতে ২ সেপ্টেম্বর ঢাকায় এসেছি।’ একই অবস্থা রাহাতেরও। বগুড়া থেকে প্রাইভেট কার চালিয়ে ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে স্টেডিয়ামে এসে নামেন মেডিকেলের ছাত্র রাহাত। গায়ে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে ছোট ভাই ফারহানকে নিয়ে খুঁজতে ব্যস্ত গ্যালারিতে ঢোকার প্রবেশপথ।চারদিকে আর্জেন্টিনার পতাকা। কোনো আর্জেন্টাইন যদি ঢাকায় চলে আসতেন কাল, বুয়েনস এইরেস ভেবে ভুল করলেও কিছু করার থাকত না। তবে এত এত আর্জেন্টাইন পতাকার ভিড়ে ব্যতিক্রম ছিলেন সবুজবাগের আরিফুল। ব্রাজিলের সমর্থক আরিফুল চিরপ্রতিদ্বন্দ্বীদের অমঙ্গল কামনায় গায়ে জড়িয়েছেন নাইজেরিয়ার পতাকা। তাঁর মুখে একটাই কথা—‘নাইজেরিয়াই জিতবে’। আহা, কেমন অলক্ষুণে কথা! পাশে দাঁড়ানো বন্ধু নয়ন বাধা দিলেন সঙ্গে সঙ্গে।আর্জেন্টিনার খেলা এত দিন শুধু টেলিভিশনেই দেখে এসেছেন রায়েরবাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন। এবার সরাসরি মাঠে বসে দেখবেন বলে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছিলেন। বললেন, ‘আজ গাড়ি গ্যারেজে রেখে এসেছি।’ এত চড়া দামের টিকিট কিনতে প্রতিদিন ট্রিপ থেকে আলাদা করে টাকা তুলে রাখতেন। কষ্ট হয়েছে একটু, কিন্তু মেসি-মাচেরানোদের দেখে সেই কষ্ট ভুলে যেতে চান সুমন। আর্জেন্টিনা-নাইজেরিয়া কোনো দলের সমর্থক না হয়েও শুধু ম্যাচটা উপভোগ করতে এসেছেন ঢাকায় বসবাসকারী হল্যান্ডের প্যাট্রিক। ১০ বছর বয়সী ছেলে সানডোকে নিয়ে এসেছিলেন কমলা রঙের জার্সি পরে। আরিয়েন রোবেন প্যাট্রিকের প্রিয় খেলোয়াড় হলেও মেসি-মুগ্ধতায় তাঁকে নিয়ে এসেছে স্টেডিয়ামে। বিদেশিদের মিছিলে দর্শকসারিতে ছিলেন কুয়েত এয়ারলাইনসের পাইলট মেকদাদ হাসেম। পুরো পরিবার নিয়েই খেলা দেখতে হাজির।‘মেসি, আই লাভ ইউ’—ছোট্ট বিপ্লবের হাতে ধরা ছিল রঙিন প্ল্যাকার্ড। আর্জেন্টিনার খেলা দেখবে বলে ফুটবল বিশ্বকাপের সময় বাড়ির ছাদে টানানো পুরোনো পতাকাটাই নিয়ে এসেছে সে। বিপ্লবের হাতে ছিল পতাকা, আর শান্তিনগরের ফাহিমুল পুরো শরীরটাকেই বানিয়েছেন আর্জেন্টিনার পতাকা। গায়ে লেখা মেসির নাম। হাসতে হাসতে বললেন, ‘ক্রিকেট বিশ্বকাপের সময় এমন করে আফ্রিদির নাম লিখেছিলাম। এবার লিখলাম মেসির নাম।’শরীরে মেসি, মুখের আলপনায়ও মেসি। হূদয়েও যে মেসিকে ধারণ করেই এঁরা এসেছিলেন স্টেডিয়ামে!