মেসি সান্তোসে গেলেই...
ইউরোপের অন্য অনেক ক্লাবের মতো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাও তাঁর পিছু নিয়েছিল। কিন্তু রিয়াল-বার্সেলোনার প্রস্তাবকে উপেক্ষা করে নেইমার থেকে গেছেন সান্তোসেই। তার পরও মাঝেমধ্যেই গুঞ্জন ওঠে, নেইমার ক্লাব ছাড়ছেন। বার্সেলোনাকে জড়িয়েই গুঞ্জনটা বেশি। সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেই নেইমার জুটি বেঁধে খেলতে পারেন লিওনেল মেসির সঙ্গে। কিন্তু নেইমার বলছেন অন্য কথা। ক্লাব ত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্রাজিলের তরুণ তুর্কি বরং প্রকারান্তরে মেসিকেই আহ্বান জানালেন ন্যু-ক্যাম্প ছেড়ে সান্তোসে যোগ দেওয়ার, ‘এই মুহূর্তে আমি মেসির সঙ্গে খেলতে পারি, যদি সে সান্তোসে যোগ দেয়।’ কিন্তু মেসিকে কেনার সামর্থ্য কি সান্তোসের আছে? নেইমারের উত্তর, আছে, ‘সান্তোসের পক্ষে তার সঙ্গে চুক্তি করা সম্ভব। দরকার হলে আমরা শহরের অর্ধেকটা বেচে দেব!’ মেসি সম্পর্কিত আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো প্রসঙ্গ ঢুকে যাওয়াটা যেন এখন অবধারিত! তাদের দুজনকেই সম্মান জানিয়েছেন নেইমার, ‘আমি মেসি-রোনালদো দুজনের সঙ্গেই খেলতে পছন্দ করব। মেসির ক্যারিয়ার আমার জন্য উদাহরণ। সে যেভাবে খেলে তা বর্ণনা করার ভাষা আমার নেই। আমি শুধু ওটাই করতে চাই, বল নিয়ে সে যা করে।’ ওয়েবসাইট।