মেসি সেই সাক্ষাৎকার দেননি!
সংবাদটি প্রথম প্রকাশিত হয়েছিল হাঙ্গেরিয়ান সাময়িকী কেপ স্পোর্টে। ‘কেপ’ জানিয়েছিল, তাদের দেওয়া এক সাক্ষাৎকারে নাকি লিওনেল মেসি বলেছেন, বার্সেলোনার একাডেমি ‘লা মেসিয়া’য় থাকা অবস্থায় নাকি তাঁকে সেস ফ্যাব্রিগাস ও জেরার্ড পিকের মতো সতীর্থরা তাঁকে ‘বোবা’ ভাবতেন। ছেলেবেলায় মেসির চুপটি মেরে থাকার স্বভাবই নাকি তাদের সেই ভাবনার কারণ। কেপ স্পোর্টের বরাত দিয়ে মেসির এই সাক্ষাত্কারের খবরটি ছড়িয়েছে গোটা ফুটবলবিশ্বেই। তবে আর্জেন্টাইন সুপারস্টার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোপ স্পোর্টে প্রকাশিত তাঁর সেই সাক্ষাত্কারটি সর্বৈব মিথ্যা। তিনি নাকি এই নামের কোনো পত্রিকাকে সাক্ষাত্কার দেননি। এই মিথ্যা সাক্ষাত্কার প্রকাশের জন্য কেপ স্পোর্টের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন বর্তমান সময়ে বিশ্ব সেরা এই প্লে-মেকার।কোপ স্পোর্টে প্রকাশিত মেসির সেই ‘সাক্ষাৎকারে’ আরও একটি ব্যাপারের উল্লেখ ছিল। সেখানে মেসি সাম্প্রতিক সুন্দর মন্তব্যের জন্য নেইমারকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে আর্জেন্টাইন একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মেসি পুরো সাক্ষাৎকারটিই অস্বীকার করেছেন।মেসি বলেছেন, ‘মিথ্যা সাক্ষাৎকার প্রকাশের জন্য আমি ওই পত্রিকাটির বিরুদ্ধে মামলা করার অধিকার রাখি।’আজ সোমবার থেকে নিজ ক্লাব বার্সেলোনার সঙ্গে মৌসুম শুরুর প্রস্তুতি শুরু করবেন লিওনেল মেসি। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ২৪ জুলাই জার্মানির হামবুর্গের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। ওয়েবসাইট।