মেসি সেরা ডিফেন্ডারও!
বিশ্বসেরা ফরোয়ার্ডদের সংক্ষিপ্ততম তালিকা করলে তাঁর নাম অবশ্যই আসবে। মাত্র একজনের নাম বলতে বললেও তাঁকেই রাখার লোকের সংখ্যাটাও কম হবে না। কিন্তু যদি বলা হয় লিওনেল মেসি বিশ্বসেরা ডিফেন্ডারও! চমকে ওঠারই কথা। আরও বেশি চমকের কারণ, এই কথা আর কেউ নয়, বলেছেন খোদ মেসিরই সাবেক গুরু পেপ গার্দিওলা! বার্সেলোনার সোনালি সময়ের কাণ্ডারি এই কোচের কথায় অবশ্য যুক্তি আছে। যুক্তি দিয়েই তিনি বলেছেন, মেসিকে ডিফেন্ডার হিসেবে খেলালেও তিনি বিশ্বসেরাদেরই একজন হবেন।‘ফলস ৯ নম্বর খেলোয়াড় হিসেবে খেলার সময়েও কিন্তু মেসি প্রতিপক্ষের পা থেকেও বল কেড়ে নেয়। ওকে যদি আপনি লেফটব্যাক হিসেবেও খেলান, ও একই রকম ভালো খেলবে। সে বিশ্বের সেরা ডিফেন্ডারও’—সাংবাদিকদের বলেছেন তাঁরই রেখে যাওয়া বার্সাকে বিধ্বস্ত করা বায়ার্ন মিউনিখের হবু কোচ। বলেছেন, ‘বার্সেলোনায় আসার আগে আমি অবশ্য মেসির খেলা দেখিনি। কিন্তু টিটো ভিলানোভা মেসি সম্পর্কে অনেক কিছুই বলতে পারবে।’ তবে এটা তো বলতে পারেন, কে সেরা, মেসি নাকি ম্যারাডোনা? গার্দিওলার জবাব, ‘শৈশবে ম্যারাডোনা ছিলেন আমার আদর্শ নায়ক। কিন্তু দয়া করে কে সেরা জাতীয় ক্লিশে প্রশ্ন আমাকে করবেন না।’এক অনুষ্ঠানে সম্প্রতি আর্জেন্টিনায় গিয়েছিলেন গার্দিওলা। সেখানে তাঁকে এই প্রশ্নও করা হয়েছিল, নিজের ভালোবাসার ক্লাব বার্সায় আবার ফিরবেন কিনা। গার্দিওলার উত্তর, ‘এই অধ্যায় শেষ হয়ে গেছে। আমার জন্য বার্সা ছিল চমৎকার একটি অধ্যায়। কিন্তু জীবনের মতোই একজন মানুষ জন্মায়, বেড়ে ওঠে, তার জীবনে পরিবর্তন আসে। বার্সায় আমি সুখেই ছিলাম। যাদের সঙ্গে কাজ করেছি তাদের সবার সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। বার্সেলোনার অংশ হতে পেরে আমি ভীষণ গর্বিতও। কিন্তু জীবন এগিয়ে যায়। আমাদের অন্যান্য লক্ষ্যও পূরণ করতে হয়।’বার্সায় চার বছরে ১৪টি শিরোপা এনে দেওয়া গার্দিওলা জানিয়েছেন, এই ক্লাব ছেড়ে যাওয়ায় তাঁর কোনো আক্ষেপও নেই, ‘ক্লাব ছাড়ার সময় আমি তৃপ্ত হয়েই ছেড়েছি। আমার সর্বোচ্চটাই দিয়েছি সেখানে। সবকিছুরই যেমন একটা শুরু থাকে, শেষও থাকে। আর সেই শেষটা তখনই আসে যখন আপনি উপলব্ধি করেন যথেষ্ট হয়েছে।’ ওয়েবসাইট।