মেসি স্পেনের পক্ষেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ পেরিয়ে ২৫-এ পা রাখলেন লিওনেল মেসি। গতকাল ২৪ জুন ছিল আর্জেন্টাইন তারকার ২৫তম জন্মদিন। যদিও খুদে জাদুকর দিনটা কীভাবে উদ্যাপন করলেন, সেটা এই প্রতিবেদন লেখার সময় জানা যায়নি! আগাম কোনো কথাও বলেননি। জন্মদিনে তাঁর কী চাওয়া সেটা পর্যন্ত চেপে রেখেছেন। তবে একটা চাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ঠিকই। ইউরোর শিরোপাটা এবারও যেন জেতে স্পেন!কারণটা অনুমেয়। স্পেনের এই ইউরোর দলে আছেন তাঁর ক্লাব বার্সেলোনার সাতজন। এঁদের পাঁচজনই খেলেছেন পরশু ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসদের জন্যই মেসি চান ট্রফিটা স্পেনের হাতেই উঠুক। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ না জেতাতে পারার কাঁটাটা নিশ্চিতই বিঁধছে বুকের মধ্যে। জাভি-ইনিয়েস্তাদের হাতে ইউরো ট্রফিটা উঠলে একটু সান্ত্বনা মেলে! অবশ্য ইউরোর খেলাটা সেভাবে দেখাই হচ্ছে না মেসির। ২০১০ বিশ্বকাপ এবং ২০১১ কোপা আমেরিকার জন্য আগের দুই বছর গ্রীষ্মের ছুটিটা সেভাবে উপভোগ করতে পারেননি। এবার যেন তা সুদে-আসলে উসুল করে নিতে চাইছেন। গ্রীষ্মের ছুটিটা কাটাচ্ছেন এদেশ-ওদেশ ঘুরে।গত শুক্রবারই যেমন কলম্বিয়ার বোগোটায় অংশ নিয়েছিলেন এক প্রীতি ম্যাচে। দানি আলভেজ, রবিনহো, ফোরলানদের সঙ্গে ম্যাচটা ড্র হয়েছে ৬-৬ গোলে। ওই ম্যাচ শেষেই মেসি জানিয়েছেন ইউরোতে নিজের প্রত্যাশাটা, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খোঁজখবর সেভাবে রাখতে পারছি না। আমার কোনো ফেবারিটও নেই। কিন্তু চাইব শিরোপা স্পেনই জিতুক, কারণ আমার অনেক সতীর্থ আছে স্পেনের দলটাতে।’স্পেন বা ক্লাব-সতীর্থদের সাফল্য কামনার পাশাপাশি মেসি ফুটবলের প্রতি আত্মনিবেদনের কথাটাও জানিয়েছেন। টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের কাছে খেলাটা নিখাদ আনন্দের, ‘ফুটবল একটা খেলা। আমি মাঠে নেমে সব সময়ই আনন্দ খোঁজার চেষ্টা করি। যেদিন মাঠে নেমে আর আনন্দ পাব না, সেদিনই আমি অবসর নিয়ে নেব।’ ওয়েবসাইট।