মেসি হওয়ার বড় জ্বালা!

‘বড়’ হওয়ার নানা জ্বালা। যে বৃক্ষটি সবচেয়ে দীর্ঘ, ঝড়ের সময় সেটিই ক্ষতিগ্রস্ত হয় বেশি। লিওনেল মেসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতি ম্যাচের আগে দুনিয়ার আনাচে-কানাচের সব ভক্ত-সমর্থকের একটাই প্রত্যাশা—গোল করবেন মেসি। কিন্তু তা কি সম্ভব? এ ধ্রুব সত্য জানার পরও মেসি এক ম্যাচ খারাপ খেললেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হারার পর বরাবরের মতো এবারও শুরু হয়েছে সমালোচনা। এ ক্ষেত্রে প্রিয় শিষ্যকে আগলেই রাখছেন জেরার্ডো মার্টিনো। বার্সা কোচ বলেন, ‘এক জীবনে একজন লিও মেসি হওয়া ও তার মতো ফুটবল খেলা খুবই কঠিন। যখন সে মানুষের প্রত্যাশামতো ভালো খেলতে পারে না, তখন তাকে সইতে কঠিন সমালোচনার তির। এটা ওর জন্য খুবই কষ্টদায়ক।’
মার্টিনোর জন্য ইউরোপে কোচিং করানোর অভিজ্ঞতা এটাই প্রথম। ফলে ইউরোপে ভালো-মন্দ সব ধরনের অভিজ্ঞতা প্রথমই হচ্ছে তাঁর। সেটিই জানালেন বার্সা কোচ, ‘যদি আরেকটি শিরোপা জিততে পারি, তাতে খুশিই হব। ইউরোপে আমার নতুন অভিজ্ঞতা। চ্যাম্পিয়নস লিগে যেটি প্রত্যাশা করেছিলাম, সেটি হয়নি।’ পেছনের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান মার্টিনো, ‘যেটি হয়েছে আমাদের ক্ষেত্রে, তাতে আবেগী ভাষায় কথা বলা চলে না। আমাদের বুঝতে হবে, কষ্ট পাওয়ার সময়ও হাতে নেই। যা হওয়ার হয়েছে। এখন সামনে কী আসছে, সেটিতেই মনোযোগ দিতে হবে।’ ওয়েবসাইট।