মেসি-হিগুয়েইন যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন খেলেন বার্সেলোনায়, আরেকজন রিয়াল মাদ্রিদে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তুলতেই ক্লাব ফুটবলের চিরশত্রুতা ভুলে তাঁরা হয়ে যান একাত্মা। লিওনেল মেসি আর গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনার আক্রমণভাগে গড়ে তুলেছেন ভয়ংকর এক জুটি। ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা যে পয়েন্ট তালিকার শীর্ষে, তা এই জুটির কল্যাণেই। ১০ ম্যাচে দলের ২৩ গোলের ১৭টিই করেছেন তাঁরা দুজন। রিয়ালের হিগুয়েইন সর্বোচ্চ ৯টি, বার্সেলোনার মেসি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি। গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে দলের ৩-০ গোলের জয়টিও এই জুটির সমন্বিত ফল। হিগুয়েইনের দুই গোলের পাশে মেসি করেছেন একটি। হিগুয়েইনের দুটি গোল বানিয়ে দিয়েছেন মেসি।নিজেদের মধ্যে এই যুগলবন্দী গড়ে ওঠায় মেসি-হিগুয়েইন একে অপরকে ভাসিয়েছেন প্রশংসায়। হিগুয়েইনের সঙ্গে তাঁর বোঝাপড়াটা ক্রমেই ভালো হচ্ছে জানিয়ে মেসি পিঠ চাপড়ে দিচ্ছেন সতীর্থের, ‘হিগুয়েইন একজন গ্রেট খেলোয়াড়। সে প্রচুর গোলও করছে। আমরা যত খেলব, ততই বাড়বে আমাদের বোঝাপড়া। আর্জেন্টিনার দলের সবার সঙ্গে একত্রে খেলা আসলেই দারুণ আনন্দের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয় পাওয়া, কে গোল করল, আর কে অবদান রাখল সেটা বিষয় নয়।’আর হিগুয়েইনের কথা, ‘যতবারই লিও সামনে তাকায়, সে জানে আমি তার একটা পছন্দ হতে পারি, যেমন লাভেজ্জিও (এজেকুয়েল)।’ শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে নিজেদের মাঠে। গ্যালারির পূর্ণ সমর্থন তাই মেসি-হিগুয়েইনদের পক্ষেই ছিল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার তাই ধন্যবাদ জানান সমর্থকদেরও।আগামীকালই বলিভিয়ায় গিয়ে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটা বলিভিয়ার রাজধানী লাপাজে। এই লাপাজ ২০০৯ সালে ভীষণ এক লজ্জা দিয়েছিল আর্জেন্টিনাকে, বাছাইপর্বের ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা হেরেছিল ৬-১ গোলে! প্রত্যক্ষ সাক্ষী হিসেবে মেসির মনেও ওই দুঃস্মৃতিটা এখনো টাটকা। তবে আর্জেন্টাইন অধিনায়ক আশাবাদী, এবারের গল্পটা হবে অন্য রকম, ‘আমরা কঠিন একটা ম্যাচই খেলতে যাচ্ছি। আমরা জানি, লাপাজের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং এটাও জানি, শেষবার কী ঘটেছিল। ব্যক্তিগতভাবে ওই হারের ধাক্কা সামলে ওঠাটা ছিল খুবই কঠিন। আশা করি, এবার ভিন্ন কিছু হবে।’ ওয়েবসাইট।