মেসি ৪: ১ আর্সেনাল
মৌসুমজুড়ে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার একটি কথাই বলে আসছেন—ফুটবলকে শিল্পরূপ দিতে হবে। ন্যু ক্যাম্পে ওয়েঙ্গার পরশু ফুটবলের শিল্পরূপ দেখলেন। তবে সেটা তাঁর দলের কেউ দেখাতে পারেনি। ন্যু ক্যাম্পে শিল্পিত ফুটবল উপহার দিলেন অতুলনীয় লিওনেল মেসি। আর তাঁর সেই শিল্পিত ফুটবলে আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছে বার্সেলোনা।সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। ওয়েসলি স্নাইডারের একমাত্র গোলে সিএসকেএ মস্কোকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার। সাত বছর পর ইন্টার মিলান সেমিফাইনালে উঠল আসলে হোসে মরিনহোর হাত ধরে। প্রথম কোচ হিসেবে ভিন্ন ভিন্ন তিনটি দলকে (পোর্তো, চেলসি, ইন্টার) সেরা চারে নিয়ে আসার কৃতিত্ব দেখালেন এই পর্তুগিজ কোচ।ন্যু ক্যাম্পের বড় অংশটা স্তব্ধ করে দিয়ে ১৮ মিনিটে নিকলাস বেন্টনার এগিয়ে দিয়েছিলেন আর্সেনালকে। এর পরই শুরু মেসির আসল জাদু। ম্যাচে ১০ মিনিটেই আর্সেনাল রক্ষণভাগ কাঁপিয়ে শুরু করা মেসি শেষ বাঁশি বাজার পর যখন থামেন, তাঁর নামের পাশে ততক্ষণে চার চারটি গোল!তিন মিনিট সময় নিয়েছেন গোল শোধ করতে। ২১ মিনিটে আর্সেনাল ডিফেন্ডার সিলভেস্ত্রেকে বোকা বানিয়ে করেছেন প্রথম গোল। ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল বডি ডজ আর দুর্দান্ত ফিনিশিংয়ের ফসল। মেসির তুলনায় তাঁর হ্যাটট্রিক গোলটি সহজভাবেই হয়েছে। ৪১ মিনিটে আলমুনিয়াকে একা পেয়ে মাথার ওপর দিয়ে তুলে দেন বল। এর পর ম্যাচ শেষের আগে চতুর্থ গোল করেন আরও সহজভাবে।এর চেয়ে সুন্দর গোল মেসি ঢের করেছেন। তার পরও মেসির হ্যাটট্রিক এবং কোয়াড্রুপল পূর্ণ হওয়ার পর ন্যু ক্যাম্পের গ্যালারিতে ওঠে আনন্দহিল্লোল। প্রেসবক্সও মেতে ওঠে হাততালি আর মেসি-বন্দনায়। তাঁর এই গোল চারটিতে যে মিশে ছিল পায়ের অনিন্দ্যসুন্দর কারুকাজ, দুর্দান্ত বল নিয়ন্ত্রণ, শারীরিক ভারসাম্য আর অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার অতুলনীয় উদাহরণ। সম্মোহনী এই ফুটবল খেলার স্তুতি ম্যাচ শেষে দুই কোচের থেকেই পেয়েছেন মেসি। পিছিয়ে পড়ার ব্যাপারটি টেনে বার্সা কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘১-০টা বিপজ্জনক ছিল। কিন্তু হঠাত্ করেই মেসি প্রথম গোলটা করল এবং এর পর থেকেই আমরা ভালো খেলতে শুরু করি। মেসি তো দুর্দান্ত খেলেছে।’ আর ওয়েঙ্গার বললেন মূলত মেসির কাছে হেরে গেছে তাঁর দল, ‘দুদলের মধ্যে ব্যবধানটা গড়ে দিয়েছে আসলে মেসি।’ মেসি-স্তুতির সঙ্গে নিজেদের কিছু ভুলভ্রান্তিও তুলে ধরেছেন আর্সেনাল কোচ, ‘আমরা বড্ড বেশি ভুল করে ফেলেছি। বিশেষ করে রক্ষণে। আমাদের তরুণ দলটাকে আরও উন্নতি করতে হবে।’বার্সেলোনার অসাধারণ পাসিং ফুটবলের কাছেই হেরে গেছে আর্সেনাল। পুরো ম্যাচে বার্সা ৬০৯টি পাস দিয়েছে। এর মধ্যে ৫০৯টিই ছিল ঠিক গন্তব্য খুঁজে পাওয়া পাস। সঠিক পাসের হার ৮৪ শতাংশ। আর আর্সেনাল পুরো ম্যাচে ৩৪৭টি পাসের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে পেরেছে মাত্র ২৩৯টি। শতকরা ৬৯ ভাগ। অন্য দিনকার মতোই বার্সেলোনার এই পাসিং ফুটবলের প্রাণ পরশুও হয়ে ছিলেন জাভি হার্নান্দেজ। ১০৫টি পাস দিয়েছেন তিনি। তুলনায় আর্সেনালের সামির নাসরির পাস ৩১টি।মেসির ২১ মিনিটের হ্যাটট্রিক, প্রথমার্ধেই কোণঠাসা আর্সেনাল। দ্বিতীয়ার্ধে আর্সেনাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর পেরে ওঠা হয়নি। উল্টো খেলা শেষের মিনিট দুই আগে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠোকেন মেসি।