মেসি 'অন্যায়' প্রত্যাশার শিকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রে’র ফাইনালে ব্যর্থ হওয়ার পর হতাশ মেসি। ছবি: রয়টার্স
কোপা ডেল রে’র ফাইনালে ব্যর্থ হওয়ার পর হতাশ মেসি। ছবি: রয়টার্স

লিওনেল মেসির মাঠে নেমেই গোলে বন্য বইয়ে দেবেন, দলকে জিতিয়ে তবেই ফিরবেন—এ প্রত্যাশায় খেলা দেখতে বসেন লাখো-কোটি দর্শক। কিন্তু মেসিও তো রক্ত-মাংসের মানুষ। দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পরও রহস্যময় কোনো সীমাবদ্ধতার কাছে হার মেনে কখনো কখনো থেমে যেতে হয় তাঁকেও। মেনে নিতে হয় পরাজয়ের লজ্জা। আর তখনই শোরগাল ওঠে মেসির বিরুদ্ধে! অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ আর্নেস্তো ভালভার্দের মতে, প্রতি ম্যাচেই মেসি জাদুকরি কিছু করে দেখাবেন, এটি ঠিক নয়। তাহলে বার্সা ফরোয়ার্ড কি ‘অন্যায়’ প্রত্যাশার শিকার?
চলতি মৌসুমেও ৪১ ম্যাচে মেসির গোলের সংখ্যা ৩৮। যে পরিসংখ্যান ঈর্ষা করবে যে কোনো স্ট্রাইকার। কিন্তু ভক্ত-সমর্থকেরা তা মানবেন কেন? তাদের কাছে বর্তমানটাই সত্য, তার ওপর কিছু নেই। কদিন আগে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়। এরপর কোপা ডেল রে’র ফাইনালে রিয়ালের কাছে হার, লা লিগা শিরোপা হাতছাড়া হওয়ার চোখ রাঙানি—সাম্প্রতিক ব্যর্থতা দর্শকের কাছে মেসির সব পরিসংখ্যান, অর্জনকে ম্লান করে দিচ্ছে। প্রচলিত সেই কথাটিই যেন সত্যি, দর্শক-সমর্থকের স্মৃতি গোল্ডফিশের মতো!
ভালভার্দে তাই বললেন, ‘সবচেয়ে বেশি মার্কিংয়ে থাকার পারও মেসিকে প্রতি ম্যাচেই জাদুকরি কিছু করে দেখানোর কথা বলা হয়। এটি খুবই কঠিন।’
রোববার ক্যাম্প ন্যুতে বার্সার বিপক্ষে খেলবে বিলবাও। ম্যাচের আগে মেসি সম্পর্কে ভালভার্দের মূল্যায়ন, ‘বর্তমান ফর্মে সে স্বস্তিতে নেই, যেটি তার আগে ছিল। তবে যেকোনো সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে সে।’