মেসিই এখন আলবিসেলেস্তে

লিওনেল মেসির কাছে ফুটবলের যে পৃথিবী, তাতে নিজভূমেই একটু পরবাসী জীবন যাপন করতে হতো তাঁকে! আগে তো বলা হতো মেসি বার্সেলোনার, নীল-মেরুন জার্সির। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে তাঁকে মানায় না। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করে বিশ্বকাপ টিকিট এনে দেওয়ার পর সেই ধারণাটা বদলে দিতে শুরু করেন। প্রীতি ম্যাচ বা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ধারাটা টেনে নিয়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর। তার পরও দেশবাসীর মনের মেঘটা হয়তো পুরোপুরি সরাতে পারেননি।
অবশেষে তা সরিয়ে দিলেন বিশ্বকাপে এসে এবং গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচেই। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটি জেতালেন অসাধারণ ১ গোল করে। পরশু দ্বিতীয় ম্যাচের ৯০ মিনিটের স্নায়ুক্ষয়ী অপেক্ষার অবসান ঘটিয়ে যে জাদুকরি গোলে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলে দিলেন, তাতে তিনি আর্জেন্টিনার নয়নের মণি। তাঁর গায়ে এখন আলবিসেলেস্তেদের (নীল-সাদা দল) জার্সিটা ভীষণ উজ্জ্বল। মেসি-ম্যানিয়ায় আক্রান্ত গোটা আর্জেন্টিনা। সেটি তুলে ধরেছে আর্জেন্টিনার গণমাধ্যম।
বুয়েনস আইরেসভিত্তিক পত্রিকা ক্লারিন লিখেছে, ‘দ্য ফ্লির (মাছি) বাঁ পায়ের বাঁকানো শটটা ১-০ বানিয়ে দিল এবং তুলে নিল একটা জয়, যেটা তাদের প্রাপ্য ছিল না।’ পত্রিকাটি আরও লিখেছে, ‘ড্রেসিংরুমটা এখন লিওনেল মেসির পায়ের নিচে, যে অমিত প্রতিভাধরের আছে এক জাদুকরি বাঁ পা, যা বেলো হরিজন্তেতে এত আর্জেন্টাইন-ভক্তের আগমনকে করেছে সার্থক।’ আর্জেন্টাইন সংবাদ পোর্টাল ওলে মেসির গোলকে বলেছে অবিশ্বাস্য, ‘ও বল নিয়ে গোল করতে মাত্র ৫ সেকেন্ড সময় নিয়েছে। পাস না দিয়ে নয় প্রতিপক্ষকে এড়িয়ে গোলে শট নিয়েছে। সে গোল দেওয়ার জন্য এত কম জায়গা পেয়েছে, কিন্তু তার মধ্যেই গোল দিয়েছে।’
তবে শুধু আর্জেন্টিনা নয়, অন্য দেশের সংবাদমাধ্যমও মেসি-বন্দনায় মুখর। স্পেনের দৈনিক এল পাইস মনে করে মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা দলকে সাজানোর সিদ্ধান্ত কাজে লেগেছে মেসির। ‘আর্জেন্টিনার যেকোনো ম্যানেজারকেই মেসির জন্য সঠিক জায়গাটা খুঁজে দিতে হবে’—লিখেছে পত্রিকাটি। আর ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্তের লেখা, ‘আর্জেন্টিনা তাঁর অসীম প্রতিভা উপভোগ করছে। ও একটা জাতিকে সুখী করেছে।’
সংবাদমাধ্যমের কথা বাদ দিন। যে কোচের সঙ্গে খেলার ছক নিয়ে মেসির মতান্তর হয়েছে বলে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, সেই কোচ আলেসান্দ্রো সাবেলা মেসিকে ছাড়া কিছু ভাবতেই পারছেন না। মেসি মানেই তাঁর কাছে পাহাড়সমান আত্মবিশ্বাস, ‘দলে মেসি থাকা মানে যেকোনো কিছুই সম্ভব। আমরা ভাগ্যবান যে মাঠে একজন জিনিয়াস ছিল এবং সে আর্জেন্টাইন।’ সতীর্থ গোলরক্ষক সার্জিও রোমেরো কিছুতেই ভুলতে পারছেন না মেসি-জাদুর ঝলক, ‘সৌভাগ্যক্রমে ছোট্ট ছেলেটা তার জাদুর চেরাগটা বের করল শেষ মিনিটে এবং আমরা জিতলাম।’ আরেক সতীর্থ হাভিয়ের মাচেরানোর কথা, ‘এক মুহূর্তের ঝলকেই ম্যাচ বদলে দিয়েছে ও।’ ওয়েবসাইট।