মেসিই গোল্ডেন বলের যোগ্য দাবিদার, বলছে ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির গোল্ডেন বল নিয়ে ওঠা তর্কের পরিপ্রেক্ষিতে জবাব দিল ফিফার টেকনিক্যাল গ্রুপ। ফাইল ছবি
মেসির গোল্ডেন বল নিয়ে ওঠা তর্কের পরিপ্রেক্ষিতে জবাব দিল ফিফার টেকনিক্যাল গ্রুপ। ফাইল ছবি

লিওনেল মেসির গোল্ডেন বল নিয়ে চলছে এন্তার বিতর্ক। এই গ্রহের অন্যতম সেরা এই ফুটবলার কি বিশ্বকাপের গোল্ডেন বলের জন্য আদৌ উপযুক্ত ছিলেন? খোদ ডিয়েগো ম্যারাডোনাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন আছে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের মনেও।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পরপরই গোল্ডেন বল বিজয়ী হিসেবে ঘোষণা করে মেসির নাম। টেকনিক্যাল স্টাডি গ্রুপের প্রধান জেরার্ড হুলিয়ার বলেছেন, ‘মেসিকে নিয়ে বিতর্কটা আসলে হচ্ছে তাঁর শেষ দুটি ম্যাচ বিবেচনায় এনে। কিন্তু যাঁরা এই সমালোচনায় মেতেছেন তাঁরা কিন্তু বেমালুম ভুলে গেছেন প্রথম চারটি ম্যাচে তাঁর একক কর্তৃত্বের কথা।’
তাঁর দাবি, সবদিক বিবেচনা করেই মেসিকে দেওয়া হয়েছে এই পুরস্কার। তাঁকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দিতে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় ছিল আর্জেন্টিনার প্রথম চারটি ম্যাচে তাঁর অনির্বচনীয় উপস্থিতি। এই চারটি ম্যাচে আর্জেন্টিনার জয়ে মেসির ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা ছাড়া মেসির মতো আর কোনো দলই এতটা এক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিল না। মেসি দলকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছেন।
হুলিয়ার বলছেন, ‘আর্জেন্টিনা ছিল পুরোপুরিই মেসি-নির্ভর দল। মেসির পারফরম্যান্সের ওপর ভর করেই তারা ফাইনাল পর্যন্ত উঠেছে। আর্জেন্টিনার ফাইনালে খেলাটাও এই পুরস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছিল।’ সূত্র: ইয়াহু স্পোর্টস।