মেসিই পথ দেখালেন বার্সাকে
১২ দিনের একটা ঝড়। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের ধকল সামলাতে না সামলাতেই পুঁচকে গ্রানাডায় পা কাটা। এরপর কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ‘বার্সেলোনার দিন শেষ’-জাতীয় কথা ভেসে বেড়াচ্ছিল বাতাসে। পরশুর ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল টানা চতুর্থ পরাজয়ই হয়তো বরণ করতে যাচ্ছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পেরেছে বার্সেলোনা।
ডাগআউটে বারবার পায়চারি করছিলেন জেরার্ডো মার্টিনো। চশমাআঁটা মুখে রাজ্যের উদ্বেগ। শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাসি। সেটি যতটা না আনন্দের, তার চেয়েও অনেক বেশি স্বস্তির। বার্সা কোচ তো পরে স্বীকারই করেছেন, ‘প্রথমার্ধে আমার মনে হচ্ছিল আরেকটা বাজে দিন হতে যাচ্ছে। একটা দল যখন এতগুলো সুযোগ পেয়েও গোল করতে পারে না, সেটা মনে হওয়াই স্বাভাবিক।’
সেটা হতে দেননি লিওনেল মেসি। একসময় ‘ক্লাবের হয়ে উজ্জ্বল, জাতীয় দলের হয়ে বিবর্ণ’—অপবাদটা মাখতে হয়েছিল গায়ে। এখন মেসিকেই শুনতে হচ্ছে, বিশ্বকাপের জন্য নাকি গা (পড়ুন পা) বাঁচিয়ে খেলছেন। পরশু মেসি যখন সহজ দুটি সুযোগ হেলায় হারালেন, তাঁর আরেকটি ব্যর্থ দিন দেখছিলেন অনেকে। কিন্তু ৭৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে উচ্ছ্বাসে ভাসালেন ৫৭ হাজারের ন্যু ক্যাম্পকে।
অথচ ৫০ মিনিটে আদুরিজের গোলে এগিয়ে ছিল বিলবাও। ৭২ মিনিটে পেদ্রো সমতা ফেরান। মিনিট খানেকের মধ্যেই মেসির ওই গোল।
এ জয়ে শিরোপা-সম্ভাবনাটা বেঁচে থাকল বার্সার। ৩৪ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর (৮৫) চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা। একটি ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তিনে। এএফপি।