মেসিই বিশ্বসেরা, বললেন রোনালদো
লিওনেল মেসিকেই বিশ্বের সেরা ফুটবলার মানেন ‘দ্য ফেনোমেনোন’ ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি রোনালদো। আর এ ব্যাপারে তাঁর মনে বিন্দুমাত্র সংশয় নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি।৩৫ বছর বয়সী রোনালদো ফুটবল ছেড়েছেন বছর গড়িয়ে গেছে। খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—এই দুই স্প্যানিশ জায়ান্টের হয়েই খেলেছেন তিনি। তাই এই দুই দলের প্রতিই রয়েছে তাঁর দুর্বলতা। তবে দুর্বলতার দিক দিয়ে রিয়ালকেই একটু বেশি জায়গা করে দিতে চান তিনি। এর কারণ, রিয়ালে তাঁর কাটানো কিছু সুন্দর সময়। তবে এতকিছুর পরও মেসির প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধই আছে তাঁর। জানিয়েছেন, ‘রিয়ালের প্রতি আমি বেশি দুর্বল হলেও মেসিকেই বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার মনে করি। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।’এই মুহূর্তে মাঠের বাইরে থেকে স্পেনের খেলা দেখে যারপরনাই মুগ্ধ ব্যালন ডি’অর জেতা সাবেক এই ব্রাজিলীয় স্ট্রাইকার। ‘লা রোজা’দের ‘ফলস নাইন’ কৌশলও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর মনে। এ জন্য স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের উদার প্রশংসাও ঝরেছে তাঁর কথায়। বলেছেন, ইউরোয় ‘৯ নম্বর’ আড়াল করে অন্যমাত্রার খেলা খেলেছে স্পেন। ফুটবল এখন অনেক পরিবর্তিত। দেল বস্কের ‘ফলস নাইন’ কৌশল দারুণভাবে কাজে দিয়েছে।রিয়ালে থাকতে ভিসেন্তে দেল বস্ককে খুব কাছ থেকে দেখেছেন রোনালদো। তবে অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, তাঁকে সব সময়ই খাঁটি ৯ নম্বর খেলোয়াড় হিসেবেই খেলিয়েছেন দেল বস্ক। স্পেনের ফলস নাইন কৌশলের দাপটে ফুটবল থেকে ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকারের ভূমিকা হারিয়ে যাবে না বলেই অভিমত তাঁর। বলেছেন, এই কৌশল স্থায়ী কিছু নয়। খেলার পরিস্থিতি ভেদে কৌশল বদলাতেই পারে। তবে আমি মনে করি, ফুটবলে চিরদিনই ৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার তাঁর ভূমিকা পালন করে যাবে।রোনালদো ১৯৯৬ ও ১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে খেলেছিলেন। এর পরের পাঁচ বছর ইতালীয় সিরি ‘আ’য় ইন্টার মিলানের হয়ে খেলার পর ২০০২ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো ২০০৭ সাল পর্যন্ত খেলেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। ১৯৯৮, ২০০২ ও ২০০৬—এই তিনটি বিশ্বকাপে খেলে ১৫টি গোল করে ফুটবলামোদীদের হূদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন এই স্ট্রাইকার। ওয়েবসাইট।