মেসিই সবচেয়ে দামি হওয়ার যোগ্য: বার্সা সভাপতি

কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ব্রাজিলীয় সেনসেশন নেইমারকে নিজেদের করেছিল বার্সেলোনা। বার্সার ব্যাপারে অবশ্য নেইমারের ব্যক্তিগত পছন্দও ছিল। খরচের ব্যাপারে রিয়াল মাদ্রিদও কম যায় না। রেকর্ড পরিমাণ অর্থ ঢেলে গ্যারেথ বেলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা। নিজের চেয়ে দামি খেলোয়াড় দেখে কেমন লাগে লিওনেল মেসির?
যদিও আয়-রোজগারে আর্জেন্টিনার অধিনায়ক অন্যদের তুলনায় খুব একটা পিছিয়ে নেই। তাঁর জন্য খোলা চেক নিয়ে বসে রয়েছে, এমন ক্লাবের সংখ্যাও নেহাত কম নয়। তবে টাকা-পয়সার ব্যাপারে মেসির যাতে কিছুতেই ‘মন খারাপ’ না হয়, সে ব্যাপারে যথেষ্ট সচেতন বার্সা কর্তৃপক্ষ।
বার্সা সভাপতি সান্দ্রো রোসেল তাই বললেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া উচিত।’ তাহলে কি মেসির সঙ্গে কোনো নতুন চুক্তি হয়েছে? সে ব্যাপারে অবশ্য খোলাসা করেননি তিনি। তবে রোসেল বললেন, ‘নতুন চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে কোনো কথা হয়নি। অফিসের দরজা তাঁর জন্য সব সময় হাট করে খোলা।’
খুদে জাদুকরের সঙ্গে বার্সার আপাতত চুক্তি ২০১৮ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তি নিশ্চিত হলে, সেটি হবে গত আট বছরে তাঁর সঙ্গে বার্সার সপ্তম চুক্তি। ওয়েবসাইট।