মেসি, ভিয়া, কাকা, রামোস...নামগুলো বলে একটু থামছি। এরপর কোন নামটা লিখব ভেবে পাচ্ছি না। নাহ, এই চারটিই থাক। কী করেছে এই চার খেলোয়াড়? এখন পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে আমার চোখ কেড়েছে এরাই।বিশ্বকাপের অনেক আগে থেকেই সাগ্রহে তাকিয়ে আছি তারকাদের নৈপুণ্য দেখতে। প্রায় সারা বছরই তো তাদের দেখি। ইউরোপের ঘরোয়া লিগগুলো, চ্যাম্পিয়নস লিগ, আরও কত টুর্নামেন্টে। যত যাই হোক, বিশ্বকাপের মঞ্চটা তো আলাদা। এখানেই আসল পরীক্ষা তারকাদের। সেই পরীক্ষায় পরশু পর্যন্ত হাতে গোনা তিন-চারজনই ভালো নম্বর পেতে পারে।মেসিকে দশে সাত দেব। ভিয়া, কাকা, রামোসকে পাঁচ করে। আর কাউকে নম্বর দেওয়ার তালিকায় আনছি না এই কারণে, সত্যি বলতে সে রকম কেউ আমার চোখে আলাদা করে পড়েনি।মেসি মানে ম্যাজিক। এখন পর্যন্ত সে ভালো খেলেছে। শুধু গোলটাই পায়নি, গোল পেতেই হতো এমন কোনো কথা নেই। গোল ছাড়া মেসি আর সবকিছুই ঠিকঠাক করছে। গোটা আর্জেন্টিনা দলটাকে চালাচ্ছে সে। আর্জেন্টিনা যে ফুটবলটা খেলছে, সেটা ওই মেসির জন্যই। মেসির পাহারায় প্রতিপক্ষের দু-তিনজন খেলোয়াড় থাকছে। এই সুযোগে অন্যরা খালি জমি পেয়ে যাচ্ছে এবং এর ফসল ঘরে তুলছে দল।স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া হন্ডুরাসের বিপক্ষে দারুণ খেলেছে। একজন জাত স্ট্রাইকারের আদর্শ প্রতিচ্ছবি। আমি তো ভিয়ার খেলার খুব ভক্ত। মেসির পর যদি কারও খেলা আমার ভালো লেগে থাকে, তার নাম ভিয়াই। স্পেনের রাইটব্যাক সার্জিও রামোসও খুব ভালো খেলছে।কাকা যদিও মেসির মতো অবদান রাখতে পারছে না দলে, তবে তার খেলা আমার ভালো লেগেছে। আইভরিকোস্টের বিপক্ষে কাকা মাঠে ছিল কাকার মতোই। অনেকের কাছে কাকার খেলা ভালো নাও লাগতে পারে। কিন্তু গোল তৈরি করে দলে নিজের গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে ব্রাজিল তারকা।যদি আসে হতাশ করা তারকাদের কথা, চোখ বন্ধ করে বলে দেব ইংলিশদের নাম। এই দলের একজন খেলোয়াড় নেই যার সম্পর্কে প্রশংসা করা যায়। ল্যাম্পার্ড বলুন, জেরার্ড বলুন, এরা এমনই হতাশ করছে যে এই আলোচনায় তাদের নামই আসা উচিত নয়।বিশ্বকাপে ইংলিশ খেলোয়াড়দের খেলা দেখার জন্য আমার বাড়তি আগ্রহ ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা বহুদিন থেকে নিয়মিত দেখি। জেরার্ড, ল্যাম্পার্ডরা বিশ্বকাপ জিতবে এটা কখনোই মনে করি না আমি। কিন্তু ব্যক্তিগতভাবে এই খেলোয়াড়েরা চোখ কাড়বে, এমন বিশ্বাস ছিলই। সে বিশ্বাস ভেঙে গেছে। রুনির কাছ থেকে আমার বেশি কিছু প্রত্যাশা ছিল না। সে ক্লাব ফুটবলার, আন্তর্জাতিক তারকা হওয়ার ক্ষমতা তার নেই। প্রথম রাউন্ডে ইংল্যান্ডের তিনটি ম্যাচ দেখে এ ব্যাপারে আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন।ক্রিস্টিয়ানো রোনালদো নামটা কেউ কেউ হয়তো আশা করছেন। হ্যাঁ, পর্তুগিজ তারকা উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো খেলেছে বলে অনেকে বলছেন। তবে আমি বলব, গড়পড়তা খেলেছে রোনালদো। ফ্যাবিয়ানো গোল পেয়েছে। কিন্তু আমি ঠিক এখনো পুরোপুরি মুগ্ধ হতে পারছি না ব্রাজিল স্ট্রাইকারের খেলায়। আর বাদবাকি খেলোয়াড়েরা গড়পড়তা মানের ফুটবলই খেলছে। তাই আর কারও নাম বললাম না।তবে আশা করছি, দ্বিতীয় রাউন্ডে বলার মতো আরও নাম পাব। বড় তারকাদের তখন আরও দেখার সুযোগ মিলবে। এখনো তো বিশ্বকাপ তেমন জমেনি। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে লেখার বিষয়ও আসলে বেশি কিছু খুঁজে পাচ্ছি না।স্পেন দ্বিতীয় রাউন্ডে উঠলে ফ্যাব্রিগাস, তোরেসদের ওপর চোখ রাখতেই হবে—আমি নিশ্চিত।