মেসিই সাফল্যের একমাত্র অনুষঙ্গ নয়: গ্যাব্রিয়েল হেইঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লিওনেল মেসি বিশ্বকাপে ভালো পারফর্ম করলে তা দলের জন্যই ভালো। কিন্তু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যায় না’—এমনটাই বিশ্বাস করেন আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ। বিশ্বকাপে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টাইন দলের আক্রমণ পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। অনেক বিশ্লেষকই মেসিকে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ সাফল্যের মূল অনুষঙ্গ হিসেবে অভিহিত করেছেন। তবে গ্যাব্রিয়েল হেইঞ্জের মতে, কোনো একক খেলোয়াড়ের ওপর প্রত্যাশার চাপ সৃষ্টি না করে আর্জেন্টিনার উচিত একটি ইউনিট হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া। তিনি আরও বলেন, দলগত পারফরম্যান্স ব্যতীত সাফল্য আশা করা কঠিন।লিওনেল মেসিকে এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করে গ্যাব্রিয়েল হেইঞ্জ বলেন, ‘সন্দেহ নেই মেসি এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। সে এ মৌসুমে দারুণ ফর্মেও রয়েছে। তবে আমি বলতে পারি, আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা মেসিকে ঘিরে কেন্দ্রীভূত নয়।’কোচ ডিয়েগো ম্যারাডোনা কেবল লিওনেল মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড়ের ওপরই নির্ভরশীল অভিহিত করে হেইঞ্জ বলেন, ‘ডিয়েগো মেসির ওপর কোনো আলাদা চাপ সৃষ্টি করতে চান না। আমরা অন্য খেলোয়াড়েরাও চাই মেসি চাপমুক্ত হয়ে খেলুক।’২০০৮ সালে ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। বাছাইপর্বে দলের বাজে পারফরম্যান্সের কারণে ম্যারাডোনা দারুণভাবে সমালোচিত হন। একপর্যায়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়ে। শেষ মুহূর্তে কোনোমতে আর্জেন্টিনা লাতিন অঞ্চলের শেষ দল হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বের বৈতরণী পার হয়। তবে বিশ্বকাপের আগের দুই সপ্তাহ বুয়েন্স আয়ার্স ও প্রিটোরিয়ায় নিবিড় অনুশীলনের মাধ্যমে আর্জেন্টিনাকে একটি সুসমন্বিত দল হিসেবে গড়ে তোলার চেষ্টায় সর্বস্ব উজাড় করে দিচ্ছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা।গ্যাব্রিয়েল হেইঞ্জ মনে করেন, বিশ্বকাপের সাফল্য ডিয়েগো ম্যারাডোনাকে একজন সফল কোচ হিসেবে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের ওপরই কোচ ডিয়েগোর সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে। আশা করি, বিশ্বকাপ শেষে ম্যারাডোনাকে বিশ্বের সেরা কোচ হিসেবেই সবাই অভিহিত করবে।’