মেসিই সেরা: রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্কে এবার যুক্ত হয়েছেন আরেক ফুটবল কিংবদন্তি—ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো। আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও শ্রেষ্ঠত্বের বিচারে রোনালদো এগিয়ে রেখেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকেই। মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো—দুজনের ফুটবলদক্ষতার প্রতি শ্রদ্ধা জানালেও মেসিকেই সেরা বলে রায় দিয়েছেন বিশ্বকাপের এই সর্বোচ্চ গোলদাতা।ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসিই যে এ সময়ের সেরা দুই ফুটবলার, সেটা বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে ফুটবল বিশ্বে। কিন্তু এ দুজনের মধ্যে কে সেরা, সেই বিতর্ক চলছে অনেক দিন ধরে। এবার সেই বিতর্কে যোগ দিয়ে মেসিকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদো। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমার দৃষ্টিতে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে সামান্য এগিয়ে আছে মেসি। আমি দুই ফুটবলারকেই খুব শ্রদ্ধা করি। কিন্তু মেসিকে কিছুটা এগিয়ে রাখতে চাই, কারণ তার খেলা আমাকে বেশি আকর্ষণ করে। সে মাঠে অনেক বেশি সৃজনশীলতা দেখায়।’মেসি-রোনালদো প্রসঙ্গ ছাড়াও ব্রাজিলীয় তারকা কথা বলেছেন তাঁর দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের তারুণ্যনির্ভর দলটি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও আগামী দুই বছরে তাঁরা বিশ্বকাপ জয়ের জন্য বেশ ভালোমতোই প্রস্তুত হতে পারবে বলে আশাবাদী রোনালদো। তিনি বলেছেন, ‘আমাদের আছে নেইমারের মতো প্রতিভাবান খেলোয়াড়। পাতো, থিয়াগো সিলভা রক্ষণভাগে খুব ভালো করছে। গানসো, অস্কারও খুব ভালো খেলছে। ১৯৯৪ ও ২০০২ সালে যে বিশ্বকাপ দুটি আমরা জিতেছি, সেই দল তৈরি হয়েছিল মাত্র এক বছর আগে। কাজেই আমার মনে হয়, আমাদের এখনো প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় আছে।’ গোল ডটকম।