মেসিও জানেন বিশ্বকাপই আসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির এই ফর্ম থাকবে তো? বিশ্বকাপে এমন মোহময় ফুটবল খেলতে পারবেন আর্জেন্টিনার ছোট্ট জাদুকর? বিশ্বকাপ যত কাছে আসছে, ঘুরেফিরে আসছে এই প্রশ্নগুলো। মেসি নিজেও জানেন, বিশ্বকাপ জয়ের তুল্য আর কিছু হতে পারে না। তাই সম্প্রতি তাঁর ফর্ম দেখে যতই তাঁকে ম্যারাডোনার চেয়েও কেউ কেউ এগিয়ে রাখুন না কেন, তিনি বলছেন, ‘কিংবদন্তি হতে গেলে আপনাকে বিশ্বকাপও জিততে হবে।’নিজেকে এখনো কিংবদন্তি মনে করেন না আর্জেন্টাইন তারকা, তবে স্প্যানিশ দৈনিক এল মুন্ডোকে গত মঙ্গলবার দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন সামনে অনেক সময় পড়ে আছে তাঁর, ‘আমার বয়স সবে ২২ হলো। খুব দ্রুতই অনেক কিছু অর্জন করে ফেলেছি। আপনাকে তবু শান্তই থাকতে হবে।’হ্যাঁ, অনেক কিছুই অর্জন করে ফেলেছেন মেসি। গত মৌসুমে ট্রেবল জেতায় বোনাস পেয়েছেন ৩.৬ মিলিয়ন পাউন্ড, আর এ নিয়ে মোট রোজগার হয়েছে ২৯.৬ মিলিয়ন পাউন্ড। ইংল্যান্ডের ডেভিড বেকহামকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের সবচেয়ে রোজগেরে ফুটবলার এখন বার্সেলোনার এই চ্যাম্পিয়ন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রতিবেদনে প্রকাশ, গত বছর ২৯.১ মিলিয়ন পাউন্ড থেকে বেকহামের আয় নেমে দাঁড়িয়েছে ২৭.৩ মিলিয়নে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার, ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়া ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তালিকার তিনে (২৭ মিলিয়ন পাউন্ড), কাকা চারে (১৬.৯ মিলিয়ন)।তবে এই অর্জনের পাশে একটা প্রশ্নও মেসিকে বিব্রত করে। যে মোহময় ফুটবল খেলে বার্সেলোনাকে ৬টি শিরোপা জেতায় ভূমিকা রেখেছেন, যে ফুটবলে বার্সেলোনার হয়ে গত ৫ ম্যাচে তাঁর ১১ গোল (স্প্যানিশ লিগে টানা দুই হ্যাটট্রিকসহ), সেই মেসিই আর্জেন্টিনার জার্সি গায়ে কেমন নিষ্প্রভ হয়ে যান। এটি তাঁর কাছেও হয়তো একটা রহস্য, তা না হলে কেন বলবেন, ‘আপনাকে শান্ত থাকতে হবে।’দুই জার্সিতে দুই রকমের এই মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা কম হয়নি। অনেকেই অনেক কারণ খুঁজেছেন। বার্সেলোনার স্পোর্টস পরিচালক টিক্সিকি বেগিরিস্তেইনও এই সমস্যার মূলে গিয়ে খুঁজেছেন সমাধানের উপায়। সংবাদমাধ্যমের সহায়তায় আর্জেন্টিনাকে জানিয়ে দিয়েছেন মেসিকে তাঁর আসল রূপে পাওয়ার টোটকা, ‘আমরা এটা জানি, বার্সেলোনায় সবকিছু ও কত সহজে করে, অথচ দেশের হয়ে সেটা করতে পারে না। ব্যাপারটি নিয়ে আমাদেরও ভুগতে হয়। আমার যেটা মনে হয়, আর্জেন্টিনা যদি ভালো একটা পরিবেশ গড়ে তুলতে পারে, তাহলে ও আর্জেন্টিনাকেও ওর সেরাটা উপহার দিতে পারবে।’বেগিরিস্তেইন ভালো পরিবেশ বলতে হয়তো মেসিকে আরও স্বাধীনভাবে খেলতে দেওয়ার বিষয়টিই বুঝিয়েছেন। যেটি তাঁকে দিয়েছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। মাঝমাঠে জাভি, ইনিয়েস্তার মতো খেলোয়াড় আছেন বলেই বার্সা কোচ মেসিকে এই স্বাধীনতা দিতে পারছেন। কিন্তু আর্জেন্টিনা দলে অমন গোছানো মাঝমাঠ তো নেই। ফুটবল-সম্রাট পেলেও আঙুল তুললেন ওদিকেই, ‘সে সত্যি গ্রেট খেলোয়াড়। বার্সেলোনায় তো দুর্দান্ত খেলে, তবে দেশের হয়ে অতটা ভালো খেলতে পারে না। এর কারণ সম্ভবত, বার্সেলোনায় ও যাদের সঙ্গে খেলে, আর্জেন্টিনায় তাদের পায় না।’ ওয়েবসাইট।