মেসিকে অস্পর্শনীয় বলছেন পিকে
তোলপাড়ই ফেলে দিয়েছিলেন ইয়োহান ক্রুইফ। কদিন আগে বলেছিলেন নেইমারকেই যেহেতু আনা হলো, তাহলে মেসিকে এখন বিক্রি করে দেওয়ার কথা ভাবতে পারে বার্সেলোনা। ক্রুইফের মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনো কিছু বলেনি বার্সেলোনা। তবে বার্সা খেলোয়াড়েরা কিন্তু চুপ করে থাকেননি। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, আর যা-ই হোক মেসিকে বিক্রি করে দেওয়ার কথা বার্সা ভাবতেই পারে না। ওয়েবসাইট।
খেলোয়াড় হিসেবে তো বটেই, কোচ হিসেবেও যা করেছেন তার জন্য কাতালান ক্লাবটিতে ক্রুইফ নমস্য ব্যক্তি। তাঁর কথার আলাদা একটা দাম তো আছেই! কিন্তু এই ক্ষেত্রে পিকে বার্সার আধ্যাত্মিক গুরুর সঙ্গে একমত হতে পারছেন না। বার্সা দৈনিক স্পোর্তকে সে কথাই বললেন, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে যা করেছেন সে জন্য ক্রুইফ যা বলেন সেটার একটা মূল্য আমাদের কাছে আছে। তিনি ক্লাবের জন্য ইতিবাচক অনেক কিছুই করেছেন, কিন্তু আমি মনে করি এটা পরিষ্কার যে, মেসি অস্পর্শনীয়। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। ক্লাবের জন্য সে অনেক কিছুই করেছে। তাকে ছাড়া তো এখানে চিন্তাই করা যায় না।’
পিকে মনে করেন, আগের মতোই বার্সার মধ্যমণি হয়ে থাকবেন মেসি, ‘সাম্প্রতিক বছরগুলোতে যেমন হয়েছে, তাকে ঘিরেই দল গড়া উচিত আমাদের। আমরা জানি, সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাকে কাজে না লাগানোটা হবে বোকামি। বিশ্বের সেরা খেলোয়াড়কে কাজে না লাগানোর কোনো মানে হয় না।