মেসিকে আটকাতে হবে নাইজেরিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আর ছিয়াশির বিশ্বকাপের পর আবার দেশটির একজন খেলোয়াড়কে ঘিরে সমর্থকেরা প্রত্যাশার চাদর বুনতে শুরু করেছে। তখন ছিল ডিয়েগো ম্যারাডোনা, আর এখন লিওনেল মেসি। গোলের বন্যা বইয়ে দেওয়া এ স্ট্রাইকারকে ঘিরেই দলকে খেলাতে হবে ম্যারাডোনাকে।ম্যারাডোনা ৪-৪-২ ফরমেশনে দলকে খেলাতে পারেন। আক্রমণভাগে মেসির সঙ্গী খুঁজতে ম্যারাডোনাকে বাছতে হবে আগুয়েরো, হিগুয়েইন, তেভেজ ও মিলিতোর মধ্যে যেকোনো একজনকে। মধ্যমাঠে থাকবে হোনাস গুতিয়েরেজ, ভেরন, মাচেরানো ও ডি মারিয়া। ওটামেন্ডি, স্যামুয়েল, ডেমিচেলিস ও হেইঞ্জ গড়বে অভিজ্ঞ রক্ষণভাগ। আর্জেন্টিনার দুর্বলতা যদি কিছু থাকে তা হবে ৩৬ বছর বয়সী ভেরন আর ম্যারাডোনার অদ্ভুতুড়ে কোচিং। ম্যারাডোনা এক শর বেশি খেলোয়াড় বাজিয়ে দেখেছেন অথচ ক্যাম্বিয়াসো আর জানেত্তিকে রেখে এসেছেন দেশে!মেসিকে আটকে রাখার পথ যেভাবেই হোক খুঁজতে হবে নাইজেরিয়াকে। কিন্তু সমস্যা হলো কোচ লেজারব্যাক তাঁর দলকে গোছাতে খুব কম সময়ই পেয়েছেন। এর ওপর তাঁর মূল খেলোয়াড় মিকেল ইনজুরির কারণে দলের বাইরে। কোচের পছন্দের ৪-৩-৩ ফরমেশনে আক্রমণভাগের ওদেমউইঙ্গি, মার্টিনস ও ইয়াকুবু গতি, শক্তি ও গোলের সম্ভাবনা জোগাবে। নাইজেরিয়ার ডিফেন্সকে আটকাতে হবে আর্জেন্টিনার স্বচ্ছন্দ স্ট্রাইকারদের। তাই ডিফেন্ডার শিত্তু আর ইয়োবো মধ্যমাঠের খেলোয়াড় আইলা ইউসুফকে চাইবে তাদের সামনের রক্ষণাত্মক দেয়াল হিসেবে। জোহানেসবার্গের এলিস পার্কের প্রথম খেলাটায় আর্জেন্টিনাই ফেবারিট। কিন্তু শারীরিক দিক থেকে সমর্থ নাইজেরিয়ানদের সম্ভাবনা একেবারেই বাদ দেওয়া যাবে না। কারণ তারা খেলবে তাদের গৌরব রক্ষায় এবং দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা জোরদার করতে।ইউক্রেনে জিতে বিশ্বকাপের টিকিট পেয়েছে সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন গ্রিস। নিরেট ডিফেন্স আর দ্রুত পাল্টা-আক্রমণে অবিশ্বাস্য কিছু করে ফেলাটা কোচ রেহাগেলের কাছে নতুন নয়। গোলকিপার চালকিয়াস আর ডিফেন্ডার মোরাস, কিরজিয়াকস, ভিন্ত্রা ও পাপাডোপোলাস দলের ভিত্তি। মধ্যমাঠের নেতৃত্ব দেবে কাতসুনারিস, কারাগুনিস ও স্পিরোপোলস। আর স্ট্রাইকার সালপিংগিদিস ও সামারাস আশা করতেই পারে, দক্ষিণ কোরিয়াকে হারাতে একটা গোলই যথেষ্ট হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের পার্ক জি-সুং আর মোনাকোর পার্ক জু-ইয়াংয়ের নেতৃত্বে গতিময় আর ওয়ান টাচের খেলা দেখাবে দক্ষিণ কোরিয়া। ২০০২ সালের সেমিফাইনাল সাফল্যের পুনরাবৃত্তির আশা করছে তারা। চোখ রাখতে হবে বিস্ফোরক গতির আরেক মিডফিল্ডার কিম জে-সাংয়ের দিকে। তবে দুর্ভেদ্য গ্রিক ডিফেন্স দেখে আমি ভাবতে বাধ্য হচ্ছি, তারাই প্রথম ম্যাচে কর্তৃত্ব দেখাবে। ইনজুরি হয়তো ওদের দলে প্রভাব ফেলবে। দীর্ঘদেহী মোরাস প্রথম ম্যাচটা খেলতে পারছে না। কিন্তু অটো রেহাগেল তো মনে হয় অমর। এ ম্যাচ থেকেও সৌভাগ্যপ্রসূত তিনটি পয়েন্ট তিনি মনে হয় পেয়েই যাবেন।ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড কাগজে-কলমে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ফেবারিট। কিন্তু মার্কিনরা কিন্তু শক্তিশালী স্পেনকে হারিয়েই কনফেডারেশনস কাপের ফাইনালে উঠেছিল। আর ফাইনালে ব্রাজিলের কাছে মাত্র এক গোলের ব্যবধানে হেরেছিল তারা। জন টেরি, ল্যাম্পার্ড, জেরার্ড আর ওয়েইন রুনি থাকতে ইংল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হারতে হবে কেন? তবে যুক্তরাষ্ট্রের কোচ ব্র্যাডলি তাঁর ছেলে মাইকেল, ডনোভান আর ক্লিন্ট ডেম্পসিকে দিয়ে ইংলিশ-দুর্গকে চ্যালেঞ্জ জানাতে ছাড়বেন না।সেন্টার ফরোয়ার্ড জজি আলটিডোরকে লড়তে হবে জন টেরির সঙ্গে। আর ডিফেন্ডার জে মেরিট, অনিউ, স্পেক্টর আর বোকানেগ্রাকে ওয়েইন রুনিকে আটকানোর পথ খোঁজার চেষ্টা করতে হবে। ট্যাকটিক্যালি ইংল্যান্ডের দ্রুতগতির খেলা আর যুক্তরাষ্ট্রের ধীরগতির রক্ষণাত্মক কৌশল দেখার জন্য তৈরি থাকুন। ইংল্যান্ড খেলবে ৪-২-৩-১ ফরমেশনে আর যুক্তরাষ্ট্রের পছন্দ ৪-৪-১-১ ফরমেশন। তবে একজন তারকাই এ ম্যাচের ফল নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের দুর্ভাগ্য, ওয়েইন রুনি একজনই আর সে খেলে ইংল্যান্ডের হয়ে!