মেসিকে আটকানো কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। এবার যাচ্ছেন কোচ হিসেবে। আরেকটা বিশ্বকাপ জেতাতে পারবেন আর্জেন্টিনাকে? ওয়ার্ল্ড সকার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা আগে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গেছেন। এবার যাচ্ছেন কোচ হয়ে। এই দুই যাওয়ার মধ্যে অনুভূতির পার্থক্য কেমন?ডিয়েগো ম্যারাডোনা: সে অনেক আগের কথা। এখন আর মনে করতে পারছি না। তবে আমার খেলোয়াড়েরা বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য মাঠে সর্বস্ব উজাড় করে দিচ্ছে দেখে খুব গর্ব হয়। ওরা আসলে আমার কাছে ওদের রোমাঞ্চ অনুবাদ করে দেয়। তবে হ্যাঁ, খেলোয়াড় হিসেবে যাওয়াটা একটু সহজই ছিল। তখন শুধু ভাবতাম মাঠে নামব, খেলব এবং মজা করব। আর এখন কুড়িজনের বেশি খেলোয়াড়কে নিয়ন্ত্রণ করতে হয় আমাকে। এই তো একদিন অনুশীলনের সময় একটি বল ক্রসবারে লেগে আমার কাছে এল এবং আমি বলটি গোলে মারলাম। চেহারায় খুশির ছাপ দেখে কেউ হয়তো ভেবে নিয়েছিল যে, আমার খেলোয়াড়-স্বত্বটা জেগে উঠেছে।  দক্ষিণ আফ্রিকায় আপনার দল কোন পদ্ধতিতে খেলবে?ম্যারাডোনা: ১৯৭৮ সালে বিশ্বকাপ জেতা সিজার মেনোত্তি এবং ’৮৬-তে জেতা কার্লোস বিলার্দোর দর্শনটাই থাকবে সেখানে। আপনি খেলোয়াড়দের একটা পরিকল্পনা দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আমি কখনোই খেলোয়াড়দের একসঙ্গে এক সপ্তাহের বেশি পাইনি। আসলে খেলোয়াড়েরা যখন একবার মাঠে নামে, তখন কোচের অংশগ্রহণটা খুব কমই থাকে। ওরাই সিদ্ধান্ত নেয়।  আপনার সব ফরোয়ার্ডই ফর্মে আছে এবং গোল করছে...ম্যারাডোনা: খুব আনন্দের ব্যাপার। কারণ ওরা সবাই বুঝতে পেরেছে যে, বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য খেলছে। দল নির্বাচনের জন্য এটা ইতিবাচক। মানুষ কি আপনার ওপর ভরসা রাখে?ম্যারাডোনা: সংবাদমাধ্যম মনে করে, আমরা সবার শেষে থেকে বিশ্বকাপ শেষ করব এবং এটাই আমাদের দারুণ শক্তি জোগায়। ছিয়াশিতে মেক্সিকো বিশ্বকাপেও ওরা বলেছিল, আমরা সবার শেষের দল হব; কিন্তু আমরা হলাম প্রথম। আমি খেলোয়াড়দের বারবার এটাই মনে করিয়ে দিচ্ছি। তবে আমার কেবলই মনে হয়, মানুষ আমাদের সঙ্গে আছে। আমি আবার বলছি, আমরা ফেবারিট তকমা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি না, তবে যত দূর যাওয়া সম্ভব তত দূরই যাওয়ার আশা করি।  বাছাইপর্বে এমন বেকায়দায় কেন পড়েছিলেন?ম্যারাডোনা: বাছাইপর্বের মাঝামাঝি সময়ে দলের দায়িত্ব নিয়েছি আমি এবং খেলোয়াড়েরা তাৎক্ষণিক আমার বার্তাটা বুঝে উঠতে পারেনি। কী করতে হবে এটা যখন ওরা বুঝে ফেলল, তখন জার্মানির বিপক্ষে ম্যাচটিতে আমরা ভালোই খেলেছি। তবে ওটাই আমাদের বিশ্বকাপ জয়ের দাবি জানায়নি। এখনো অনেক উন্নতি করতে হবে। কিন্তু জার্মানির বিপক্ষে ওই ম্যাচে দেখিয়েছি যে, আমরাও লড়াইয়ে আছি। আমার একটা সুবিধাও আছে, প্রচুর ভালো খেলোয়াড় আছে দলে। বাছাইপর্বে চোটের কারণে আমাদের অনেক খেলোয়াড় ছিল না। এটা বিশ্বকাপেও হতে পারে। সুতরাং ব্যাপারটা অনেকটা ভাগ্যেরও। অনেকেই বলে, আপনার দলে এত এত গোল করার খেলোয়াড়; ৪-৪-২-এর বদলে আপনার দলের আসলে ৪-৩-৩ পদ্ধতিতে খেলা উচিত...ম্যারাডোনা: অনুশীলনে আমি ৪-৩-৩ পদ্ধতিটা চেষ্টা করে দেখেছি। তবে এটা আমার তেমন পছন্দ নয়, কারণ আমরা এই পদ্ধতিতে রক্ষণ ভাঙতে পারছিলাম না। তাই আবার ৪-৪-২-এ ফিরে এসেছি। এতে সামনের দুজন জায়গাও বেশি পায়। আমি তিনজন ফরোয়ার্ড নিয়ে খেলতেই পছন্দ করি। বিশ্বকাপের আগে একসঙ্গে অনুশীলন করার অনেক সময় পাব। তখন হয়তো এটা আমরা চেষ্টা করে দেখতে পারি।  হুয়ান রোমান রিকেলমের জাতীয় দল থেকে পদত্যাগ কি আপনাকে কোনো শিক্ষা দিয়েছে?ম্যারাডোনা: এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি জানি না আমার বিরুদ্ধে তার অভিযোগটা কী। কিন্তু আপনি জাতীয় দলকে ‘না’ বলতে পারেন না। সে খুব ভালো খেলোয়াড়। সম্ভবত দলে সুযোগও পেত। এক বছরে এক শরও বেশি খেলোয়াড়কে দলে ডাকার কারণে সমালোচনা হয়েছে আপনার...ম্যারাডোনা: আমি যদি খেলোয়াড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষাই না করতাম, তাহলে এই চাকরিতেই হয়তো থাকতাম না। অন্য কোনো কোচই শুধু দেশের খেলোয়াড় নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছে না। সুতরাং বিভিন্ন ধরনের খেলোয়াড় যে আমি ডাকব, এটাই স্বাভাবিক। আপনার অবশ্য যাচাই করে দেখতে হবে যে, তারা দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত কি না।  লিওনেল মেসি বার্সেলোনার হয়ে যেমন অসাধারণ ফুটবল খেলে, সেটা কেন আর্জেন্টিনার হয়ে খেলতে পারেন না?ম্যারাডোনা: মেসি নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়। ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ভালো। বিশ্বকাপের তারকা হওয়ার জন্য যথেষ্ট প্রতিভা ওর আছে। আর সেটি হতে ওকে সর্বোচ্চ সাহায্য করতে হবে আমাদের। আমার মনে হয়, ওকে পুরো মাঠে বিচরণের স্বাধীনতা দিতে হবে। আমি নির্দিষ্ট পজিশনে বিশ্বাসী নই। বিশেষ করে মেসির ব্যাপারে তো অবশ্যই নয়। মার্চে বার্সেলোনায় ওর সঙ্গে আমার যখন লম্বা সময় ধরে কথা হয়েছে, তখন আমি এসবই বলেছি মেসিকে। আগে ফোনে কথা হয়েছে আমাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে মেসিকে আটকানো বেশি কঠিন।