লিওনেল মেসি এখনকার সেরা, সর্বকালের অন্যতম সেরা—এসব নিয়ে অস্কার তাবারেজ বেশি কথা বলতে চান না। তবে কি তিনি মেসির প্রতিভা নিয়ে সন্দিহান? নাকি মেসিকে বাড়তি কোনো মানসিক সুবিধা দিতে চান না বলেই এই মৌনব্রত? আগামীকাল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হবে তাঁর দল। এ সময় প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের ভূয়সী প্রশংসা না করে বুদ্ধির কাজই করেছেন উরুগুয়ে কোচ। তবে রহস্য অন্য জায়গায়।মেসির বেশি প্রশংসা না করতে চাওয়ার পেছনে তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ কিংবা মানসিক সুবিধা—এর দুটিই কোনো কারণ নয়। তাবারেজ বলতে চান না, একই কথা কতবার বলা যায়! ‘মেসি অবশ্যই গ্রেট খেলোয়াড়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। এ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তা হলে সেটা বাহুল্য হয়ে যাবে’—সাংবাদিকদের বলেছেন ছয় বছরেরও বেশি সময় ধরে উরুগুয়েকে পথ দেখিয়ে চলা ৬৫ বছর বয়সী কোচ।প্রতিপক্ষ দলগুলোর জন্য মেসি এখন আতঙ্কের নাম হয়ে উঠেছেন। ক্লাব ফুটবলের ত্রাস তো অনেক দিন ধরেই। আন্তর্জাতিক পর্যায়ের দলগুলোর জন্য তা-ও একটা স্বস্তি ছিল, আকাশি-সাদা জার্সিতে মেসির ‘মেসি’ হয়ে উঠতে না-পারা। কিন্তু মেসি এখন আর্জেন্টিনার জার্সিতেও ভয়ংকর। নেতৃত্ব পাওয়ার পর পরই যেন ব্যর্থতার সেই শিকলও ছিঁড়ে ফেলেছেন মেসি। গত পাঁচ ম্যাচে জাতীয় দলে তাঁর ৯টি গোল। এর মধ্যে তিন ম্যাচে দুটি হ্যাটট্রিকের কীর্তিও আছে! উরুগুয়েকে ২০১০ বিশ্বকাপের শেষ চারে তোলার পর আর্জেন্টিনাকে তাদেরই মাঠে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতানো তাবারেজের কাছে হিসাবটা তাই পরিষ্কার, ‘আর্জেন্টিনা দলটা মেসিকে কেন্দ্র করেই থাকবে, ওরা নিশ্চিত করতে চাইবে মেসি যেন তার সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে পারে। ফলে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। মেসির পায়ে বল পাঠানোর জন্য আর্জেন্টিনা যা কিছু করবে আমাদের ঠিক এর উল্টো করতে হবে। মেসি বল পাওয়ার পর ওকে মার্ক করতে হবে।’বাছাইপর্বে উরুগুয়ের শুরুটা ঠিক প্রত্যাশামতো হয়নি। সাত ম্যাচের মধ্যে মাত্র একটি হারলেও জিতেছেও মাত্র তিনটি। ১২ পয়েন্ট নিয়ে চারে আছে। পাঁচে থাকা চিলির পয়েন্টও ১২। ফলে স্বস্তি নেই। এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি যাবে ব্রাজিল বিশ্বকাপে। রয়টার্স।