মেসিকে আটকাবে না বার্সা
বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। বাছাইপর্বের বাকি দুটি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির আর্জেন্টিনায় খেলাটা তাই খুব জরুরি কিছু নয়। কিন্তু বার্সেলোনা কোচ জেরার্ড মার্টিনো জানিয়েছেন, মেসি চাইলে বাকি দুটি ম্যাচ খেলতে পারেন। এ ব্যাপারে তাঁকে নিরুৎসাহিত অন্তত করবেন না।
খেলোয়াড়দের নিয়ে জাতীয় দল ও ক্লাবের টানাপোড়েনটা চিরকালীন। ক্লাবের ঠাসা সময়সূচির ফাঁকেই দেশের হয়ে খেলার জন্য সময় বের করে নিতে হয় খেলোয়াড়দের। ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তেও গড়িমসি করে। পাছে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে চোটের অনাহূত আক্রমণের মুখে পড়তে হয়!
জেরার্ডো মার্টিনো অবশ্য মেসিকে আটকে রাখতে আর্জেন্টাইন ফেডারেশনকে কিছুই বলেননি, ‘আমরা আর্জেন্টাইন ফেডারেশনকে মেসিকে না ডাকার জন্য কোনো অনুরোধ করিনি। সে জাতীয় দলের হয়ে খেলতে চায়।’ মার্টিনো নিজেই একসময় প্যারাগুয়ের কোচ ছিলেন। জাতীয় দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের গুরুত্ব তিনি ভালোই বোঝেন, ‘একটি জাতীয় দলের সাবেক কোচ হিসেবে একজন খেলোয়াড়কে জাতীয় দলে খেলতে না-বলা আমার জন্য কঠিন। আমি এটা করব না।’
বার্সেলোনা ছাড়তে না চাইলেও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ব্যাপারটা মেনে নেবে, সে রকম মনে করারও কোনো কারণ নেই। বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলেও আর্জেন্টিনার বাকি দুই ম্যাচের ওপর উরুগুয়ে, চিলি, ইকুয়েডরের ভাগ্যটা নির্ভর করছে। মেসিদের শেষ ম্যাচটা উরুগুয়ের সঙ্গেই। সে কারণে মেসি না খেললে ব্যাপারটা ‘অন্যায্য’ হবে বলেই মনে করেন এএফএ সভাপতি হুলিও গ্রন্ডোনা, ‘আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এটা বাকিদের যাতে কোনোভাবে প্রভাবিত না করে। আমাদের কারও ক্ষতি করার ইচ্ছা নেই।’ গ্রন্ডোনা অবশ্য জানিয়েছেন মেসিকে না ছাড়ার কোনো অনুরোধ বার্সা করেনি, ‘আমরা বার্সার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাইনি।’ ওয়েবসাইট।