মেসিকে আটকে পেরুর পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরু পেরেছে। পেরেছে লিওনেল মেসির পায়ে শিকল পরাতে। একেবারে বলে-কয়েই বিশ্বসেরা ফুটবলারকে নিষ্ক্রিয় করেছেন পেরুর খেলোয়াড়েরা। লিমার জাতীয় স্টেডিয়ামে মেসির নিষপ্রভ দিনে আলো ছড়াতে পারেননি আর্জেন্টিনার অন্য কেউ। ফল বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর সঙ্গে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র। পরশু (বাংলাদেশ সময় গতকাল সকালে) লিমা থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারাটাই আর্জেন্টিনার ভাগ্য। ক্লদিও পিজারো পেনাল্টি মিস না করলে ওই ১ পয়েন্টও হয়তো পায় না আলেসান্দ্রো সাবেলার দল। তবে গঞ্জালো হিগুয়েইনের গোলে পাওয়া এই ১ পয়েন্টই দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার ওপরে রেখেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নয় দলের প্রতিযোগিতায় ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট আর্জেন্টিনার। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া ও ইকুয়েডর। গ্রুপের ষষ্ঠ স্থানের দল ভেনেজুয়েলাও আছে আর্জেন্টিনার ৩ পয়েন্টের দূরত্বে।ইউরোপে পরশুর রাতটা কঠিন গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। আটলান্টিকের এপারে আর্জেন্টিনাকেও যেন পেয়ে বসে সেই ভূত। ম্যাচের বয়স দুই মিনিট পেরোতে না-পেরোতেই পিছিয়ে যেতে পারত তারা। অ্যাঙ্গেল ডি মারিয়া বক্সের ভেতরে ফাউল করে বসেন জেফারসন ফারফানকে। পেনাল্টি। ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক সার্জিও রোমেরো। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ক্লদিও পিজারোর শট ঠেকিয়ে দেন তিনি।তবে রোমেরোর বীরত্বও উজ্জীবিত করতে পারেনি মেসিদের। পেরুর কাছে বলের দখল ছেড়ে দিয়ে বসে থাকে তারা। এরই ধারাবাহিকতায় ২২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। ডান পাশ থেকে ফারফানের নিচু ক্রসে জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার কার্লোস জামব্রানো (১-০)। ম্যাচে আর্জেন্টিনার প্রথম সত্যিকারের আক্রমণটি দানা বাঁধে ৩৮ মিনিটে। তখনই গোল করেন হিগুয়েইন। এজেকুয়েল লাভেজ্জির ক্রস থেকে এবারের বাছাইপর্বে নিজের ষষ্ঠ গোলটি করেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আবার পেরুর লুইজ রামিরেজ পোস্টে বল না লাগালে আর্জেন্টিনার যে কপাল পুড়ত না, কে বলতে পারত? নিজেদের মেলে ধরতে না পারার জন্য মাঠকে, বিশেষ করে মাঠের ঘাসকে দায়ী করেছেন আর্জেন্টাইন কোচ সাবেলা। শক্ত ও লম্বা ঘাসই নাকি তাঁর দলকে দ্রুত আক্রমণ গড়তে দেয়নি। মাঠকে দায়ী করেছেন অধিনায়ক মেসিও, ‘মাঠ সাহায্য করেনি। বল নিয়ন্ত্রণ করতে একটি বা দুটি টাচের বেশি লেগেছে। রাগ নিয়েই আমরা মাঠ ছেড়েছি, কারণ আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি। তবে দেশের বাইরে ড্র-টাও ভালো।’আগের ম্যাচে উরুগুয়েকে ৪-০ গোলে হারানো কলম্বিয়া ধরে রেখেছে ধারাবাহিকতা। এবার চিলিতে গিয়ে চিলিকে ৩-১ গোলে হারিয়েছে রাদামেল ফালকাওয়ের দল। সান্তিয়াগোর ম্যাচেও গোল পেয়েছেন ফ্যালকাও ও তিওফিলো গুতিয়েরেজ। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসা কলম্বিয়ার অন্য গোলটি জেমস রদ্রিগেজের। রয়টার্স। দুর্দশা কাটেনি উরুগুয়ের। এবার ঘরের মাঠে তারা ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে (১-১)। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া দলটির মান বাঁচিয়েছে এডিনসন কাভানির ৬৬ মিনিটের গোল। আরেক ম্যাচে সালোমন রন্ডনের জোড়া গোলে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছে ভেনেজুয়েলা।