মেসিকে আদালতের সমন

মেসির নির্ঝঞ্ঝাট জীবনে হঠাৎই যে কী উপদ্রব জুটল! কর ফাঁকির অভিযোগে এবার বিশ্বসেরা ফুটবলারকে দাঁড়াতে হচ্ছে আদালতের কাঠগড়ায়। বার্সেলোনার একটি আদালত মেসি ও তাঁর বাবা হোর্হের প্রতি সমন জারি করেছেন। ১৭ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে বাবা-ছেলেকে। গতকাল বার্সেলোনার সরকারি কৌঁসুলি কার্যালয়ের এক মুখপাত্র খবরটি জানিয়েছেন। কর ফাঁকির তদন্তে সন্দেহভাজন হিসেবে মেসির নাম আদালতে তোলার পরই জারি হয় এই সমন। তথ্য গোপন করে প্রায় ৫০ লাখ ডলারের কর ফাঁকি দিয়েছেন মেসি ও তাঁর বাবা, ইমেজ স্বত্ব থেকে পাওয়া অর্থ পাচার করেছেন আয়কর স্বর্গ হিসেবে পরিচিত দেশ বেলিজ ও উরুগুয়েতে, স্পেনের কর বিভাগের অভিযোগ এটাই। সরকারি কৌঁসুলির মুখপাত্র হোসে মিগুয়েল কোম্পানি জানিয়েছেন, আদালত মেসিদের সন্দেহভাজন হিসেবেই বিবেচনা করছেন।মেসির নিষ্কলুষ ভাবমূর্তিতে প্রচণ্ড ঘা দেওয়া এই অভিযোগে বলা হয়েছে, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যেই কর ফাঁকির ঘটনা ঘটেছে। আর পুরো ঘটনাটিই ঘটেছে মেসির বাবা হোর্হের পরিকল্পনায়। আদালতে কর আইনজীবী জানিয়েছেন ২০০৫ সালে মেসি অপ্রাপ্তবয়স্ক থাকায় টাকাপয়সার ব্যাপারটা সামলাতেন তাঁর বাবা। কিন্তু এরপর মেসি নিজেই হেঁটেছেন বাবার দেখানো পথে। এএফপি।