মেসিকে কিনতে পারে রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুগো সানচেজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে একই জার্সিতে দেখা যেতে পারে এই সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে
হুগো সানচেজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে একই জার্সিতে দেখা যেতে পারে এই সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ধ্রুপদি লড়াই যেমন ফুটবল বিশ্বের অন্যতম প্রধান আকর্ষণ, তেমনি ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াইটাও কম উপভোগ্য নয়। স্প্যানিশ লিগের আকর্ষণটাও যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এ সময়ের সেরা দুই ফুটবলারের দ্বৈরথ। কিন্তু কেমন হবে যদি একই জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায় রোনালদো-মেসিকে?

অসম্ভব, অবাস্তব! পাঠকদের অনেকেই হয়তো এ দুটি শব্দ বলেই উড়িয়ে দেবেন এমন সম্ভাবনা। তবে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার হুগো সানচেজ কিন্তু তেমনটা মোটেও ভাবছেন না। বার্সা যদি মেসিকে খুশি রাখতে না পারে, তাহলে এমন অচিন্তনীয় ঘটনাও ঘটে যেতে পারে বলে সতর্ক করেছেন সাবেক এই মেক্সিকান ফুটবলার।

নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে মেসি আর বার্সেলোনার টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। মেসি নাকি সন্তুষ্ট হতে পারছেন না বর্তমান চুক্তির বেতন-ভাতা ও শর্তাবলি নিয়ে। নতুনভাবে সমঝোতারও একটা চেষ্টা চলছে। সেই জায়গাতেই বার্সাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সানচেজ। যোগ্য মর্যাদা না দিলে মেসিকে রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হতে পারে বলেই মনে করছেন এই কিংবদন্তি ফুটবলার, ‘মেসি বার্সেলোনায় নিজের উপযুক্ত মূল্য পাচ্ছে না বলেই মনে করছে। আর বার্সেলোনার আরও সতর্ক হওয়া উচিত। যদি তারা অসাবধান হয়, তাহলে রিয়াল মাদ্রিদও মেসির সঙ্গে চুক্তি করে ফেলতে পারে।’

মেসির বার্সা ছাড়ার গুঞ্জনও বেশ কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে শোনা গেছে ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইয়ের নাম। কিন্তু রিয়াল মাদ্রিদ? এমন ঘটনাই যে স্প্যানিশ ফুটবল অঙ্গনে বিরল। ২০০০ সালের পর বার্সা ছেড়ে রিয়ালে পাড়ি জমিয়েছেন মাত্র একজন। ২০০৭ সালে এমনটা করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিওলা। এর আগে মাইকেল লাউড্রপ, লুইস ফিগোর মতো তারকারাও বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন রিয়ালে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোও খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের হয়েই।

এর মধ্যে ফিগোর বদলিটা মানতে পারেননি বার্সা সমর্থকেরা। মেসিরটা মানার তো প্রশ্নই আসে না। তবে সানচেজের এই ভবিষ্যদ্বাণী গুরুত্ব দিয়ে দেখারও মনে হয় কিছু নেই।