মেসিকে কে ভয় পায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্র ২০। পেশাদার ফুটবল খেলছেন এক বছর হলো। এই অনভিজ্ঞতা, এই কম বয়স নিয়েই আজ বিরাট এক চ্যালেঞ্জের মুখোমুখি

স্টেফানো ডেন্সউইল
স্টেফানো ডেন্সউইল

। লিওনেল মেসি—নামটা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য রীতিমতো আতঙ্কের। তাঁকে রোখে সাধ্য কার! সেই কঠিন কাজটাই আজ করতে হবে ডেন্সউইলকে। মেসিকে সামলানোর ভার পড়েছে আয়াক্সের এই ডিফেন্ডারের কাঁধেই। ডেন্সউইল কি একটু নার্ভাস?
প্রশ্নটা করতে রীতিমতো সেটি উড়িয়ে দিয়েছেন সুরিনামি বংশোদ্ভূত এই ডাচ ফুটবলার, ‘আমি কখনোই নার্ভাস হই না, এমনকি আয়াক্সের হয়ে যখন আমার অভিষেক হয়েছে, তখনো। ন্যু ক্যাম্পে খেলাটা অবশ্যই বিশেষ কিছু। কিন্তু খেলোয়াড় হিসেবে আপনাকে এই ম্যাচটা শুরু করতে হবে নির্ভার ভঙ্গিতে, কাউকে ভয় পেলে চলবে না।’
টানা চারবারের বর্ষসেরা খেলোয়াড় কিংবা টানা তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নয়, মেসিকে শুধুই একজন প্রতিপক্ষ হিসেবে দেখছেন ডেন্সউইল, ‘ও কেবলই একজন প্রতিপক্ষ, যেহেতু ও আমার দলে খেলে না। আমি ওকে অবশ্যই গোল করতে দেব না, দেব কি? আমাদের একে অন্যের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়তে হবে, ওকে আটকানোর চেষ্টা করতে হবে। বার্সেলোনা এই ম্যাচটা জিততে চাইবে। জিতবে চাইব আমরাও।’

বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছে ডেন্সউইলকে। মাত্র ১২ বছর বয়সে আয়াক্সের এক সময়কার বিখ্যাত যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন। যে একাডেমি থেকে উঠেছিলেন ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, ডেনিস বার্গক্যাম্প, ক্লেরেন্স সিডর্ফ, প্যাট্রিক ক্লুইভার্ট থেকে আজকের ওয়েসলি স্নাইডার। এরই মধ্যে হল্যান্ড যুবদলের নিয়মিত সদস্য হয়ে ওঠা ডেন্সউইলকে জাতীয় দলের আগামীর তারকাও ভাবেন কেউ কেউ। দেখা যাক, আজ মেসির আলোটাকে নিভিয়ে রাখতে তিনি পারেন কি না!

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫-এ শুরু হবে বার্সা-আয়াক্স ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।