মেসিকে কেন উঠিয়ে নেওয়া হলো?

নাইজেরিয়ার বিপক্ষে সবকিছুই যেন নিজের পক্ষে টেনে নিচ্ছিলেন লিওনেল মেসি। ছকবাঁধা চিত্রনাট্যের মতোই যেন বড় অর্জনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ফুটবলের এই খুদে জাদুকর। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই সুযোগ-সন্ধানী গোল, ২৫ গজ দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানানো, পায়ের কারুশিল্পের কথা তো না বললেও চলে। অসাধারণ নৈপুণ্যে যখন হ্যাটট্রিকটা প্রায় অবধারিত, ঠিক তখনই কোচ সাবেলা তাঁকে উঠিয়ে নিলেন ম্যাচের ৬২ মিনিটে।
মেসি-ভক্তরা সাবেলার এই সিদ্ধান্তে যেন একটু হতাশ! কী হতো যদি পুরো খেলাতেই তাঁকে মাঠে রাখা হতো, সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে তো অনেকদূরই এগিয়ে যাওয়া যেত।
মেসি কি তবে ক্লান্ত হয়ে পড়েছিলেন? তিনি কি পুরোপুরি ফিট নন—পাঁড় ভক্তদের মনে অনেক ধরনের আশঙ্কার জন্ম হচ্ছে। মেসি নিজেই তাঁর মাঠ থেকে উঠে যাওয়ার কারণের ব্যাখ্যা দিয়েছেন, ‘আমি ঠিক আছি। এখন আমরা পাঁচ কিংবা ছয় দিনের বিশ্রাম পাচ্ছি।’
নাইজেরিয়ার বিপক্ষে জয়ে খুশি সাবেলা। বললেন, ‘দল উন্নতি করছে। খেলোয়াড়েরা বলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারছে।’ তবে নাইজেরিয়া যেভাবে প্রতি-আক্রমণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দিল, তাতে দলের রক্ষণভাগ নিয়ে উঠেছে প্রশ্ন। এ প্রসঙ্গে সাবেলার জবাব, ‘আমরা আক্রমণাত্মক দল। একটি আক্রমণাত্মক দল হিসেবে কখনো কখনো এ সমস্যায় ভুগতে হয়। তবে আমাদের রক্ষণভাগ ভালো করছে। এটি আরও শক্তিশালী করার চেষ্টা করব।’ রয়টার্স