মেসিকে কেনার হুমকি!
ফুটবলের দলবদলে ‘বাই-আউট’ নামের একটা ধারা আছে। কোনো খেলোয়াড়ের সঙ্গে যেকোনো ক্লাবের চুক্তি থাকার সময় যদি অন্য কোনো ক্লাব সেই খেলোয়াড়কে কিনতে চায় তাহলে ওই টাকাটা পরিশোধ করতে হয়। সে ক্ষেত্রে ক্লাবকে ইচ্ছার বিরুদ্ধেই পছন্দের খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। আক্রমণ যথেষ্টই ধারালো হলেও বার্সেলোনার রক্ষণ নিয়ে টিটো ভিলানোভা উদ্বিগ্ন। তাই পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভাকে পেতে উঠেপড়ে লেগেছে তারা। কিন্তু পিএসজির সঙ্গে সিলভার চুক্তিটা ২০১৭ পর্যন্ত। রক্ষণের সবচেয়ে বড় ভরসাকে স্বাভাবিকভাবেই ছাড়তে চায় না পিএসজি। আর সিলভাও জানিয়ে দিয়েছেন প্যারিস ছাড়ার আপাতত কোনো ইচ্ছা নেই তাঁর। তার পরও বার্সা কিন্তু হাল ছাড়ছে না। স্প্যানিশ চ্যাম্পিয়নরা নানাভাবে সিলভাকে প্রলুব্ধ করতে চাইছে। এ সপ্তাহের শুরুতে বার্সা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল প্রকাশ্যে জানিয়েছেন, সিলভাকে আনার চেষ্টা করবেন তিনি। কিন্তু তিতিবিরক্ত পিএসজি এটাকে ভালোভাবে নিতে পারছে না। তারা তাই এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। বার্সাকে হুমকি দিয়েছে মেসির জন্য ফ্রান্স চ্যাম্পিয়নরা প্রস্তাব দেবে। গত ডিসেম্বরে বার্সার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করা মেসির ‘বাই-আউট ক্লজে’র অঙ্কটা বিশাল—২৫ কোটি ইউরো! এর অর্ধেক দামেও এখন পর্যন্ত কোনো ফুটবলার ক্লাব বদল করেননি। কিন্তু পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি যেন হুমকিই দিয়ে রাখলেন বার্সাকে, ‘যদি বার্সা থিয়াগো সিলভার বাই-আউট ক্লজ শোধ করে তাহলে আমিও মেসির বাই-আউট ক্লজ পরিশোধ করব।’ শুধু কি মেসি, পিএসজি এখন হাত বাড়াতে চাইছে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেও। আল-খেলাইফি বলেছেন রোনালদোকে দলে আনতে পারলে সেটা হবে স্বপ্নপূরণ। পিএসজি প্রেসিডেন্টের ঘোষণা ফাঁকা বুলি কিনা সেটাই দেখার অপেক্ষা। ওয়েবসাইট।