মেসিকে গার্দিওলার ক্ষমা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যু ক্যাম্পে কাল ছিল পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচ। স্বাভাবিকভাবেই সবার নজরটা তাঁর দিকেই থাকার কথা ছিল। কিন্তু খেলা শেষে সবার মনোযোগের কেন্দ্রে নিজেকে নিয়ে গেলেন সুপারস্টার লিওনেল মেসি। এসপ্যানিওলের বিপক্ষে চারটি গোল করে প্রিয় কোচকে দিলেন বিদায়ী উপহার। বার্সেলোনাও ম্যাচটা জিতল ঐ চার গোলের ব্যবধানেই। কোচ হিসেবে প্রিয় শিষ্যের এই অবিস্মরণীয় পারফরমেন্সে গার্দিওলা যে খুশিই হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিদায়বেলায় কিছুটা রসিকতা করতে ছাড়েননি এই কাতালান কোচ। সবার মনোযোগ চুরি করে নিয়ে মেসি যে ‘অপরাধ’ করেছেন, তা ক্ষমা করে দিয়েছেন হালের সবচেয়ে আলোচিত এই কোচ। ন্যু ক্যাম্পের ৮৯ হাজার দর্শক গতকাল গান গেয়ে বিদায় জানিয়েছেন গার্দিওলাকে। অনেকেরই হাতে ধরা ছিল ‘পেপ, তোমাকে ধন্যবাদ’ লেখা পতাকা। তবে ম্যাচ শেষে সবার মুগ্ধ দৃষ্টি ছিল লিওনেল মেসির দিকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার যে গতকাল একাই চারটি গোল করে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। মেসির এই দুর্দান্ত পারফরমেন্স গার্দিওলার বিদায়ী মঞ্চটাকে ম্লান হয়ে গেছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন, ‘মেসি এই পুরো মৌসুমেই সবাইকে বাধ্য করেছে তার দিকে দৃষ্টি রাখতে। আমি তো এজন্য ঈর্ষাণ্বিত হতে পারি না।’ ভবিষ্যতের জন্যও মেসিকে শুভকামনা জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমি আশা করি, ভবিষ্যতেও সে এধরনের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। আমি চেষ্টা করেছি তাকে যতটা সম্ভব সাহায্য করতে। মেসি নিজেও নাকি তাঁকে একজন বড়মাপের কোচ হয়ে উঠতে সাহায্য করেছেন,-এই মন্তব্য গার্দিওলার। এবারের মৌসুমে আরও একটি ম্যাচে কোচ হিসেবে বার্সেলোনার ডাগ আউটে দাঁড়াবেন গার্দিওলা। আগামী ২৫ মে কিংস কাপের ফাইনালে বার্সা খেলবে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। সেই ম্যাচেও যদি শিষ্যরা জিততে পারে, তাহলে বার্সার কোচ হিসেবে ১৪তম শিরোপাটি জিতে আরও জমকালোভাবেই বিদায়টা নিতে পারবেন গার্দিওলা। রয়টার্স