মেসিকে চ্যালেঞ্জ জানাবেন না সানচেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

মেসি-নেইমাদের আড়ালে যেন চাপাই পড়ে ছিল আলেক্সিস সানচেজের দুর্দান্ত প্রতিভা। তারকা দুই ফুটবলারের অনুপস্থিতিতে গতকাল সেটা বেশ ভালোমতোই প্রমাণ করলেন চিলিয়ান স্ট্রাইকার। বছরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ৪-০ গোলের জয় এনে দিলেন বার্সেলোনাকে। এর মধ্যে ফ্রি-কিক থেকেও একটা দৃষ্টিনন্দন গোল করেছেন সানচেজ। তারপর থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে, তাহলে কি এখন বার্সেলোনার ফ্রি-কিকগুলো মেসির পরিবর্তে সানচেজকেই নিতে দেখা যাবে? এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে সানচেজকেও। তবে মেসিকে চ্যালেঞ্জ জানানোর কোনো ইচ্ছে নেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের। মূল একাদশে ফেরার পর মেসিই আগের মতো বার্সার ফ্রি-কিকগুলো নেবেন বলে জানিয়েছেন সানচেজ।
এ বছরে বেশ কয়েকবার ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে থাকতে হয়েছে বার্সেলোনার প্রাণভোমরা মেসিকে। কিন্তু তাঁর অভাবটা বার্সেলোনা খুব বেশি টের পেতে দেননি পেদ্রো-সানচেজরা। মেসির অনুপস্থিতিতে বার্সার এই দুই স্ট্রাইকারই এখন হয়ে গেছেন এবারের মৌসুমে ক্লাবের পক্ষে সর্বোচ্চ গোলদাতা। গতকাল হ্যাটট্রিক করে পেদ্রোর পাশে বসে গেছেন সানচেজ। দুজনেরই গোলসংখ্যা এখন ১১। তবে গতকাল সবার নজর কেড়েছে সানচেজের ফ্রি-কিক থেকে করা গোলটা। বাঁকানো একটা জোরালো শট থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিলেন সানচেজ। এলচের গোলরক্ষক মরিয়া চেষ্টা করেও রুখতে পারেননি দুর্দান্ত এই ফ্রি-কিকটা। অনেকেই এখন মনে করছেন যে ভবিষ্যতেও বার্সেলোনার ফ্রি-কিকগুলো সানচেজকেই নিতে দেখা যেতে পারে। তবে তেমন সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন চিলিয়ান তারকা। মেসিকে চ্যালেঞ্জ জানানোর কোনো ইচ্ছেই নেই সানচেজের, ‘সরাসরি ফ্রি-কিকগুলো সব সময় লিওই নেয়। আর আগামীতেও সে-ই নেবে।’
এবারের মৌসুমে সানচেজের এই ১১ গোল এসেছে মাত্র ১৪টি ম্যাচ খেলে। দারুণ একটা সময়ই যে পার করছেন, সেটা নতুনভাবে না বললেও চলে। আর এই ভালো পারফরম্যান্সের পেছনে বার্সার কোচ টাটা মার্টিনোর একটা বড় অবদান আছে বলে স্বীকার করেছেন সানচেজ। বলেছেন, ‘আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার যে আত্মবিশ্বাসের দরকার ছিল, সেটা মার্টিনো আমাকে ভালোমতোই দিয়েছেন। যখন একজন খেলোয়াড় আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে, তখনই সে বেশি বেশি গোল করতে পারে।’