মেসিবিহীন বার্সেলোনার সামনে স্পোর্টিং গিজন কোনো বাধা হতে পারেনি ইনিয়েস্তা, কেইটা এবং জাভির দুর্দান্ত পারফরম্যান্সে। পরশু ৪৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনাকে ৩-১ গোলে জিতিয়েছে এই ত্রয়ীই। স্প্যানিশ লিগে বার্সেলোনার ‘পরীক্ষা’ হলেও সিরি ‘আ’তে এসি মিলান ৪-০ গোলে জিতেছে ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে। তবে একই রাতে বুন্দেসলিগায় শিরোপাপ্রত্যাশী বায়ার্ন মিউনিখ ধাক্কা খেয়েছে আবারও, ২-০ গোলে হেরেছে বেয়ার লেভারকুসেনের কাছে।শেষ বাঁশি বাজতেই এগিয়ে গিয়ে গার্দিওলা জড়িয়ে ধরেন গুরু হাভিয়ের ক্লেমেন্তেকে। গিজনের দায়িত্ব নেওয়ার পর প্রথম পরাজয়ের স্বাদটা ক্লেমেন্তের তেতো লেগেছে অবশ্যই। কিন্তু বার্সেলোনা কোচ গায়ে মেখেছেন স্বস্তির সুবাতাস।নিজেদের মাঠে ১৯ নম্বরের দল গিজনও বার্সেলোনার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মেসির অনুপস্থিতি আর পিকের লাল কার্ডের ঘটনায়। ক্যারিয়ারে প্রথমবারের মতো নিষেধাজ্ঞার কারণে মাঠে না থেকেও ছিলেন মেসি। রিজার্ভ বেঞ্চে বসে থাকা মেসির দর্শন মিলেছে বার্সেলোনার প্রতিটি গোলের পর। বার্সেলোনা তাদের রেশমি পাসিং ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শুরু থেকেই। কিন্তু সুসংগঠিত গিজনের রক্ষণ ভাঙতে পারছিল না। অবশেষে ৪২ মিনিটে ত্রাতা হয়ে আসেন ইনিয়েস্তা। কেইটার দুর্দান্ত ব্যাকহিলে বল পেয়ে ইনিয়েস্তা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে (১-০)। বিরতির ঠিক পরই বক্সের কাছে গিজনের মিগুয়েল কুয়েভাসের সঙ্গে সংঘর্ষে বিতর্কিতভাবে পিকে দেখেন লাল কার্ড। প্রাপ্ত ফ্রি-কিকের সৌজন্যে মাত্রই বদলি হিসেবে নামা ডেভিড বারালের গোলে সমতায়ও ফেরে গিজন।তবে একজন কম নিয়েও বার্সা এর পরও চেপে ধরে গিজনকে। ৭৯ মিনিটে ন্যু ক্যাম্পের গুমোট কাটান কেইটা। ৮৮ মিনিটে জাভির গোলে নিশ্চিত হয় জয়। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭-এ নামিয়ে এনেছে বার্সা। যদিও কাল রাতেই এসপানিওলের বিপক্ষে জিতে থাকলে ব্যবধানটা আবারও ১০ করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের মধ্যেও বার্সার অস্বস্তি, ঊরুর পেশিতে চোট পেয়ে ১০-১৫ দিনের জন্য বাইরে ছিটকে পড়েছেন স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ।২০০৬ সালের পর পালের্মোর মাঠে পালের্মোর বিপক্ষে এসি মিলানের জয়টা ইব্রাহিমোভিচ-মণ্ডিত। ৩৫ মিনিটের মধ্যেই হ্যাট্রটিক পূর্ণ করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইব্রার হ্যাটট্রিকটা এল দীর্ঘ সাত বছর পর। ২০০৫ সালে জুভেন্টাসে খেলার সময় সর্বশেষ হ্যাটট্রিক পেয়েছিলেন এই সুইডিশ স্ট্রাইকার। জুভেন্টাস শিয়েভোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ৩ পয়েন্ট বেশি নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে মিলান। ২৬ ম্যাচে মিলানের পয়েন্ট ৫৪, এক ম্যাচ কম খেলা জুভেন্টাসের ৫১। পরশু কিসলিং ও ডেরডিওকের গোলে বায়ার্নকে হারিয়ে আগামী বুধবার বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ের ভালো প্রস্তুতিই সেরে রাখল লেভারকুসেন। মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও সংহত করল ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন পিছিয়ে পড়ল ৭ পয়েন্টে। ২৪ ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৫৫, বায়ার্নের ৪৮। এএফপি, রয়টার্স।