মেসিকে ছাড়াই নামছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারায়, হাবভাবে মিল আছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর। অ্যাটলেটিকো মাদ্রিদের চেক ডিফেন্ডার টমাস উজফালুসি যেন সত্যিকার অর্থেই জলদস্যুর ভাবমূর্তি গড়ে তুলছেন। স্প্যানিশ লিগে গত ম্যাচে লিওনেল মেসির ওপর যেভাবে হামলে পড়লেন, অনেকেই তাঁকে বলছেন ‘বর্বর’। পেশাদার ক্যারিয়ারে ৬০টি হলুদ কার্ড আর ৫টি লাল কার্ড দেখা উজফালুসি অবশ্য যারপরনাই অনুতপ্ত।স্বাভাবিকভাবে বার্সা শিবিরই সবচেয়ে সোচ্চার। ডেভিড ভিয়া তো বলেই বসলেন, ‘টিভিতে পরে আমরা সবাই ওর ট্যাকলটা দেখেছি। দেখে মনে হয়েছে, এটা ভয়ংকর, বর্বর একটা চ্যালেঞ্জ ছিল। এমনটা বলছি না, উজফালুসি ইচ্ছে করেই করেছে। তবে পরের বার লিওকে চ্যালেঞ্জ করার সময় দুবার ভাববে।’‘ফুটবলে এমনটা হতেই পারে’ বলার পাশাপাশি বার্সা কোচ গার্দিওলা এও বলেছিলেন, শুধু ক্রিস্টিয়ানো রোনালদোকেই নয়, রেফারিদের বাকি সব খেলোয়াড়কেও সুরক্ষা দেওয়া উচিত। প্রথম প্রথম মনে হয়েছিল, মেসির চোটটা বুঝি মারাত্মক। পরে অবশ্য স্বস্তিই পেয়েছে বার্সেলোনা। মাত্র দুটো ম্যাচ মিস করবেন মেসি। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে বার্সাকে। লিগে তাদের প্রতিপক্ষ অবশ্য স্পোর্টিং গিজন।ন্যু ক্যাম্পে, নিজেদের মাঠে এখনো লিগে জেতা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। উল্টো নবাগত হারকিউলিসের কাছে তারা হেরে গিয়েছিল ২-০ গোলে। বার্সার সামনে আজ সুযোগ এসেছে সেই ব্যর্থতা পুষিয়ে নেওয়ার। ম্যাচটি ভিয়ার নিজের জন্যও স্পেশাল। এই স্প্যানিশ স্ট্রাইকারের ক্যারিয়ার শুরুই হয়েছিল গিজনে। ভিয়াকে অবশ্য আজ মেসির অনুপস্থিতিতে নিতে হবে বাড়তি দায়িত্ব। সেরা একাদশে নেমে যেতে পারেন বোজান কিরকিচ।আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও খেলা হবে না মেসির। তবে ২৯ সেপ্টেম্বর রুবিন কাজানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটার জন্য ফিট হয়ে যাবেন। যদিও রাশিয়া সফরে মেসিকে নেওয়া হবে কি না, সেটি নির্ভর করছে গার্দিওলার ওপর। কোচ জানিয়েছেন, মেসির ব্যাপারে সামান্য ঝুঁকিও নিতে তিনি নারাজ।এদিকে মেসির ইনজুরি ভাবিয়ে তুলেছে জাপানকে। হ্যাঁ, জাপান। ১০ অক্টোবর আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আছে জাপানে। এশিয়া সফরে মেসির থাকা না-থাকার ওপর নির্ভর করছে স্পনসরদের বড় বিনিয়োগ। মেসি না থাকলে জাপান ফুটবল ফেডারেশন দুই লাখ মার্কিন ডলার কম দেবে আর্জেন্টিনাকে।এদিকে রিয়াল গত রাতেই লিগে তাদের চতুর্থ ম্যাচটি খেলে ফেলেছে। এসপানিয়লের বিপক্ষে ম্যাচটায় রিয়াল পুরো ৩ পয়েন্ট না পেয়ে থাকলে আজ জিতলেই রিয়ালকে টপকে যাবে বার্সা। গত কয়েকটা মৌসুমের অভিজ্ঞতা মনে থাকলে এই ‘টপকে যাওয়া’ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, লিগের শেষটায় দুই দলের মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি। এক-দুই ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার খেসারতই দিতে হয় শেষ প্রান্তে গিয়ে।ইংলিশ লিগে আজ কোনো ম্যাচ নেই। তবে ইতালিয়ান লিগে আজ মাঠে নামছে ইন্টার, এসি মিলান দুই বড় দলই। ইন্টারের প্রতিপক্ষ বারি। মিলান খেলবে লাৎসিওর বিপক্ষে। এএফপি, ওয়েবসাইট।