মেসিকে ছুঁলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার পর রিয়াল মাদ্রিদও কিংস কাপের শেষ আটের প্রথম লেগটা জিতল। প্রথমে পিছিয়ে পড়েও জিতল তারা বড় ব্যবধানেই (৩-১)। তবে দুই দলের জয়ের ধরনে একটা পার্থক্য ঠিকই থেকে গেল। বার্সা রিয়াল বেটিসেকে যেমন উড়িয়ে দিয়েছে (৫-০), নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তা পারেনি রিয়াল।মাঠে নাটকও কম হয়নি। নিজেদের মাঠ বার্নাব্যুতে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল। বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী উরুগুয়ের স্ট্রাইকার ডিয়েগো ফোরলান দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর থেকেই কেমন যেন ম্লান। পরশু সার্জিও আগুয়েরোর দারুণ এক পাস থেকে অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছেন তিনিই। ১৪ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান উইং ব্যাক সার্জিও রামোস। ক্রিস্টিয়ানো রোনালদোর মৌসুমের ৩১তম গোলে ব্যবধান ২-১ করে রিয়াল। এতে লিওনেল মেসির সঙ্গে লড়াইয়ে আবার সমতায় ফিরলেন পর্তুগিজ উইঙ্গার। গত বুধবার বেটিসের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ২৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা নিয়ে গেছেন ৩১-এ। রোনালদো মেসিকে ছুঁলেন ২৮ ম্যাচে। মেসুত ওজিলের শেষ মুহূর্তের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল। তবে ম্যাচের শেষের দিকে অস্বস্তিকর একটা ব্যাপার ঠিকই ঘটেছে। আগুয়েরোর সঙ্গে লেগে গিয়েছিল রামোসের। এতে অসহিষ্ণু রিয়াল সমর্থকেরা হাতের কাছে যা পেয়েছে ছুড়ে মেরেছে মাঠে। পরে অবশ্য রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি ঠান্ডা হয়। এএফপি, ওয়েবসাইট।