মেসিকে ছুঁয়ে ফেললেন রোনালদো
বার্সেলোনার কাছে প্রায় অর্ধশতাব্দীর পুরোনো রেকর্ড হাতছাড়া হয়ে গেছে আগের দিন। রিয়াল মাদ্রিদের মনে নিশ্চিত করেই হতাশার আগুন জ্বলছিল, আর তাতেই পরশু পুড়ল রিয়াল সোসিয়েদাদ। রোনালদো, কাকা, আদেবায়োরদের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলে উড়ে গেল তারা।বার্সেলোনার অগ্রযাত্রার সারথি যেমন লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের তেমন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের পর্তুগিজ উইঙ্গার আগের চার ম্যাচে গোল পাননি, দলের অগ্রযাত্রাও তাই মসৃণ হয়নি। আগের ম্যাচে তো ওসাসুনার কাছে হেরেই বসেছে রিয়াল। হারের পাশাপাশি রোনালদো চেয়ে চেয়ে দেখেছেন মেসির গোলের পর গোল করে যাওয়া। লিগের গোলদাতার তালিকায়ও এককভাবে শীর্ষে উঠে গিয়েছিলেন মেসি। জোড়া গোল করে সোসিয়েদাদকে ধ্বংস করার সঙ্গে মেসিকেও আবার ধরে ফেললেন রোনালদো। মেসি-রোনালদো দুজনের গোলই ২৪টি করে। সোসিয়েদাদের বিপক্ষে রোনালদোর দুই গোলের আগে-পরে একটি করে গোল করেছেন কাকা ও ধারের চুক্তিতে কদিন আগেই রিয়ালে নাম লেখানো আদেবায়োর।লিগে দুজন সমানে সমান এগিয়ে গেলেও সব মিলিয়ে মৌসুমে এখনো মেসিই এগিয়ে। ৩৩ ম্যাচে ৪০ গোল করেছেন মেসি, আর ৩৫ ম্যাচে রোনালদোর গোল ৩৪। রোনালদোর মতো লা লিগার শিরোপা লড়াইয়েও বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে বার্সেলোনা। ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৬১, রিয়ালের ৫৪।তবে এখনো হাল ছেড়ে দেয়নি রিয়াল শিবির। শিরোপা জয়ের স্বপ্ন দেখে যাচ্ছেন কোচ হোসে মরিনহো ও রোনালদো-আলোনসোরা। ‘এখনো অনেক পথ বাকি’—তিনজনেরই মিলিত সুর এটাই।আগের দিন অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার পর মেসি ভেসেছিলেন শংসাবাণীতে। পরশু তা পেলেন রিয়ালের রোনালদো। কোচ মরিনহো মনে করেন রোনালদো যা করেছেন এককথায় তা অসাধারণ, ‘রোনালদো যদি আর একটা গোলও না করে তাহলেও ওর মৌসুমটাকে দুর্দান্ত বলতে হবে। ও সব সময়ই নিজের সেরা খেলাটা খেলে, দলের জন্য সবকিছু উজাড় করে দেয়।’সব উজাড় করে দিয়েও ফার্নান্দো তোরেস জেতাতে পারেননি তাঁর নতুন ক্লাব চেলসিকে। স্টামফোর্ড ব্রিজে এই স্প্যানিশ স্ট্রাইকারের চেলসি-অভিষেক হয়েছে বদলি হিসেবে। সদ্য ছেড়ে আসা লিভারপুল তাঁর অভিষেক-লগ্নকে তেতো করে দিয়েছে চেলসিকে ১-০ গোলে হারিয়ে। তবে চেলসি কোচ কার্লো আনচেলত্তি তোরেসের খেলায় খুশি, ‘সে ভালো খেলেছে। দারুণ উদ্দীপনা ও আত্মবিশ্বাস ছিল ওর।’ইতালিতে ফিরে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলছে ইন্টার মিলান। পরশু স্নাইডার, ইতো (২টি), মোত্তা ও ক্যাম্বিয়াসোর গোলে এএস রোমাকে ৫-৩-এ হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে এখন মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে ইন্টার। জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা এসি মিলান ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ইন্টারের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৪। সেসেনার বিপক্ষে ২-০ গোলে জেতা নাপোলি ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এএফপি, রয়টার্স।