মেসিকে টপকে গেলেন কেন

এমনটা হতে পারে জানা ছিল। ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ। আগের ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। বছরের শেষ ম্যাচে দুই গোল করতেই পারেন হ্যারি কেন। সেটার চেয়েও বেশি করেছেন ইংলিশ ফরোয়ার্ড, হ্যাটট্রিক! তাতেই লিওনেল মেসিকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বছরের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন কেন। তারকা ফরোয়ার্ডের এমন উপলক্ষে দিনটা ভালো কেটেছে টটেনহামেরও। সাউদাম্পটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ বছর ৬৪টি ম্যাচে মেসি করেছেন ৫৪টি। ২০১৭ সালে আর কোনো ম্যাচ খেলবেন না মেসি। আজকের আগে ৪৯ ম্যাচে কেন গোল করেছেন ৫৩টি। এক গোল পিছিয়ে থাকা কেনের হাতে ছিল আরও এক ম্যাচ। আজ সাউদাম্পটনের বিপক্ষে মেসিকে শুধু ছুঁয়েই শান্ত হননি ‘হারিকেন’, টপকেও গেছেন (৫৬ গোল)।
এ বছর ৫৩ গোল করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো (৫৯ ম্যাচে ৫৩ গোল), বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি (৫৫ ম্যাচে ৫৩ গোল) এবং পিএসজি তারকা এডিনসন কাভানি (৬২ ম্যাচে ৫৩ গোল)। কিন্তু তাঁদের কারও হাতেই আর কোনো ম্যাচ নেই।
মেসিকে টপকে যাওয়াই একমাত্র অর্জন নয় কেনের। বার্নলির বিপক্ষে হ্যাটট্রিকটি দিয়ে ১৯৯৫ সালে অ্যালান শিয়েরারের গড়া প্রিমিয়ার লিগে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের (৩৬ গোল) রেকর্ডও ছুঁয়েছিলেন। আজকের ম্যাচ নিশ্চিত করে দিল, এখন থেকে রেকর্ডটি শুধুই কেনের (৩৯ গোল)। কেনকে কিন্তু চাইলে ‘হ্যাটট্রিক মেশিন’ও বলতে পারেন। ২০১৭ সালে তাঁর হ্যাটট্রিক একটি নয়, দুটি নয়, আট-আটটি!