মেসিকে ঠেকাতে জানেন কোর্তোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ছবি: এএফপি
বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ছবি: এএফপি

লিওনেল মেসিকে একেবারেই ভয় পান না বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এর একটা বোধগম্য কারণও আছে। এই মৌসুমে যে এই গোলরক্ষককে একবারও পরাস্ত করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ লিগের দ্বৈরথে গেল মৌসুমে বারবারই জয়ী হয়েছে কোর্তোয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের এই গোলরক্ষক এ মৌসুমে ছয়বার মুখোমুখি হয়েছিলেন বার্সেলোনা তারকা মেসির। এই ছয় লড়াইয়ের পাঁচটি ড্র আর একটিতে অ্যাটলেটিকোর জয়। পরাজয়ের ম্যাচ বাদে ড্র হওয়া খেলাগুলোয় বার্সেলোনা মাত্র দুবার বল জড়াতে পেরেছে অ্যাটলেটিকোর জালে। দুবারই বার্সেলোনার গোলদাতা মেসি নন, একবার আলেক্সিস সানচেজ এবং পরেরবার ব্রাজিলীয় নেইমার।

এমন উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আজ আর্জেন্টিনার মেসির মুখোমুখি হবেন বেলজিয়ামের কোর্তোয়া। ম্যাচের আগে কোর্তোয়া তাই দারুণ ফুরফুরে। রীতিমতো হুঙ্কার-টুঙ্কারও দিচ্ছেন। তিনি মেসিকে কতটা চেনেন, সেই মন্তব্যও করেছেন। বলেছেন, তিনি নাকি মেসির খেলা এতটাই ভালো জানেন যে তাঁর ভিডিও বিশ্লেষণেরও দরকার পড়ে না।

বার্সেলোনার জার্সি পরা মেসিকে অনেক আটকেছেন। দেশের জার্সি গায়ে তিনি ফুটবলের খুদে-বিস্ময়ের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারবেন, সেটা বোধ হয় সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। সূত্র: গোল ডটকম।